ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফরিদপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৩, ২ নভেম্বর ২০২৬
ফরিদপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ফরিদপুর উপজেলায় পরিচালিত এক বিশেষ অভিযানে ৩২ (বত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফরিদপুর থানা পুলিশ। গত রোববার (১ নভেম্বর) উপজেলার ডেমরা রায়পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ফ‌রিদপুর উপ‌জেলার ডেমরা (রায়পাড়া) গ্রামের মো. মোকছেদ প্রামানিকের ছেলে মো. আব্দুল খালেক (৩৮), মো. গুলজার হোসেনের ছেলে মো. হাসান (২৮) এবং শ্রী বরেন দাসের ছেলে শ্রী জয় কুমার দাস (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) এস এম গোলাম মোর্শেদ, এএসআই (নিঃ) মো. রফিকুল ইসলাম, এএসআই (নিঃ) মো. শাহানুর রহমান এবং তাদের সঙ্গীয় পুলিশ ফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তল্লাশি চালিয়ে এই তিনজনকে ৩২ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

ইতোমধ্যে তাদের বিরুদ্ধে ফরিদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০১, জিআর নং-৮৫, তারিখ-০১/১১/২০২৬)। গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় পুলিশি পাহাড়ার মাধ্যমে বিজ্ঞ বিচারিক আদালত পাবনায় প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/পাবনা/জেডআই
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!