ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাবনার ফরিদপুরে ৫ ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা

, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি
পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ২ নভেম্বর ২০২৬
পাবনার ফরিদপুরে ৫ ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা
ছবি- ডেইলি বাংলাদেশ

পাবনার ফরিদপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার বিকেলে পরিচালিত এই অভিযানে পাঁচটি ইটভাটা মালিককে মোট ৩০ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। সেই সঙ্গে তিনটি ইটভাটার চিমনি ও কিলন ( ইটভাটার চুল্লি) এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব রেজওয়ান-উল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউশন প্রদান করেন। এ সময় পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলীসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইন প্রয়োগ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর বিভিন্ন ধারা অমান্য করে অবৈধভাবে এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল। অভিযানে উপজেলার থানাপাড়া এলাকার ইটভাটা মালিক মো. ইমদাদুল হককে ৭ লাখ টাকা, জহুরুল ইসলামকে ৫ লাখ টাকা, ডেমরা এলাকার রবিউল ইসলামকে ৮ লাখ টাকা এবং আনিসুল ইসলামকে ৫ লাখ টাকাসহ মোট পাঁচটি ভাটার মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী দল জানায়, ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ও সব ধরনের বৈধ অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী জানান, কৃষি জমি রক্ষা, বায়ুদূষণ রোধ এবং অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। পরিবেশের ক্ষতি করে কোনো ইটভাটা চলতে দেওয়া হবে না। অবৈধ ইটভাটার দৌরাত্ম্য বন্ধে অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!