ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকায় আনা হচ্ছে সোহেল খানের মরদেহ
হাস্যরসাত্মক অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা সোহেল খান। পর্দায় তার অভিব্যক্তি, সংলাপ ও সাবলীল অভিনয় দর্শকদের আনন্দ দিয়েছে দীর্ঘদিন। ব্যক্তিজীবনেও ছিলেন হাসিখুশি ও প্রাণবন্ত। তবে এবার সেই হাসিখুশি অভিনেতাকে বিদায় জানাতে হচ্ছে নিথর দেহে।
অভিনয়ের কাজে কয়েক দিন আগে বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। সেখানে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। সহকর্মীদের সঙ্গে হাসি-আনন্দেই কাটছিল তার সময়। কিন্তু মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিনেমাটির পরিচালক মো. ইকবাল সোহেল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিনেতার মৃত্যুর পর আপাতত সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছে।
তার মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে রাজাপুর গ্রামে তার পারিবারিক বাড়িতে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হবে।
হাসপাতালের মৃত্যুসনদ অনুযায়ী, মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। সনদে তার মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট উল্লেখ করা হয়েছে।
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার (২৫ নভেম্বর) তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি।
পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান শুটিং ইউনিটের এক সদস্য। সেখানে গিয়ে বিছানায় পড়ে থাকতে দেখেন অভিনেতাকে। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অন্যদের খবর দেন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।
নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন এই অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘প্রজাপতি’ (২০১১), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘কেমনে কী!’ (২০২১), ‘প্রিয় কমলা’ (২০২১), ‘শান’ (২০২২) ও ‘জংলি’ (২০২৫)।
দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেছিলেন সোহেল খান। তার আকস্মিক মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।