ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের সঙ্গে আলোচনা হবে: জাহেদ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন—এ নিয়ে তার সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে রয়টার্স জানায়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ জন্য তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফিরতে চান।
এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বরকে ঘিরে দেশে ফেরার আলোচনা থাকলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরলে তাদের গ্রেফতার করা হবে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে। এটি তাদের নিয়মিত দায়িত্বের অংশ।
শেখ হাসিনার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ আপনার (ভারত) ওখানে আছেন, যারা শুধু অভিযুক্ত না, শেখ হাসিনা সাজাপ্রাপ্ত। বিচার প্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন।’
তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন, না তাদের (ভারতের) বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন—কীভাবে হস্তান্তর হবে, এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।’
শেখ হাসিনা নিজের সিদ্ধান্তের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন জাহেদ উর রহমান।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের মধ্যে ইতিবাচক যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখার বিকল্প নেই। আগে যেমন বলা হতো, বন্ধু পরিবর্তন করা যায়, কিন্তু প্রতিবেশী পরিবর্তন করা যায় না—এই বাস্তবতা দুই দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই ইতিবাচকভাবে সম্পৃক্ত থাকা ছাড়া উভয় দেশের সামনে অন্য কোনো পথ নেই।
তিনি বলেন, বাংলাদেশ একজন সাজাপ্রাপ্ত আসামির প্রত্যর্পণ চায়। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তার জন্য আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। তবে তিনি নিজেই দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তাই তাকে প্রত্যর্পণে আর কোনো আইনি জটিলতা থাকার কথা নয় বলে মনে করেন তিনি।
জাহেদ উর রহমান আরও বলেন, ভারত শেখ হাসিনাকে জোর করে প্রত্যর্পণ করবে—বিষয়টি এমন নয়। শেখ হাসিনা নিজে দেশে ফিরতে চাইছেন এবং বাংলাদেশও তাকে ফেরত চাচ্ছে। ফলে দুই পক্ষের অবস্থান একই জায়গায় রয়েছে। এ ক্ষেত্রে ভারতের ওপর বাড়তি কোনো দায় বর্তানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তথ্য উপদেষ্টার মতে, শেখ হাসিনা চাইলে ভারতকে তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানাতে পারেন। এরপর বাংলাদেশ কী পদক্ষেপ নেবে, তা পরবর্তী সময়ে দেখা যাবে।