ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]

ঘুম ভাঙার গল্প

প্রফেসর ড. মোঃ মাহমূদুল হাসান শিকদার
প্রকাশিত: ১৩:২৬, ২৪ নভেম্বর ২০২৬
ঘুম ভাঙার গল্প
আপনার বিল্ডিংয়ের গেটেও হয়তো একজন দাঁড়ায় থাকে। আপনার অফিসে একজন চা দেয়। আপনার বাসায় একজন ময়লা নিতে আসে।  তাদের নাম জানেন? কারো রাতের দোয়ায় আপনার নামটা কি আছে?

আমাদের বিল্ডিংয়ের দারোয়ান চার বছর ধরে প্রতিদিন সকালে আমাকে সালাম দেয়।
"স্লামালিকুম স্যার।"
আমি মাথাটা একটু নাড়ি। কখনো নাড়িও না। কানে ইয়ারফোন থাকে, হাতে ফোন। গাড়ির দরজা খুলে দিলে আমি ধন্যবাদ বলি না। প্যাকেট উপরে পৌঁছে দিলে টাকা দেই, মুখের দিকে তাকাই না।

চার বছরে আমি তার নাম জানি না।
ডাকার দরকার হলে বলি, "এই, শোনো।"
আমি একটা বায়িং হাউসের ম্যানেজার। মিরপুর ডিওএইচএসের এক বিল্ডিংয়ের ছয় তলায় থাকি। অফিসে আমাকে সবাই "সাইমন ভাই" ডাকে, জুনিয়ররা "স্যার।" কেউ সালাম দিলে উত্তর দেই, যদি সে আমার সমান বা উপরের কেউ হয়।
নিচের মানুষদের আমি দেখি। কিন্তু খেয়াল করি না।

২.
এই কথাটা আমি আগে কাউকে বলি নাই। নিতু জানে, আর কেউ না।
আমার আব্বা বাইশ বছর মতিঝিলের একটা ব্যাংক ভবনের গেটে দারোয়ানের চাকরি করছেন।

খাকি পোশাক। কোমরে বেল্ট। গেটের পাশে একটা প্লাস্টিকের টুল।
ওই চাকরির বেতন দিয়া আমার স্কুলের বেতন গেছে, কলেজের ফরম ফিলাপ গেছে, ভার্সিটির হলের টাকা গেছে। আব্বা গ্রামে বছরে দুইবার আসতেন, দুই ঈদে। বাকি সময় মতিঝিলের এক মেসে আটজনের সাথে একটা রুমে থাকতেন।

ভার্সিটিতে যখন বন্ধুরা জিজ্ঞেস করত আব্বা কী করেন, আমি বলতাম, "ব্যবসা।"
অফিসের ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করছিল, বলছিলাম, "রিটায়ার্ড, প্রাইভেট সেক্টরে ছিলেন।"
মিথ্যা না। আবার সত্যও না।
আব্বা কোনোদিন জানতে চান নাই, আমি মানুষকে উনার কথা কী বলি। হয়তো আন্দাজ করতেন।

৩.
গত মাসে আব্বা ঢাকায় আসলেন। চোখের ডাক্তার দেখাতে। ছানি।
ট্রেন আগে পৌঁছে গেছিল। আমি অফিসে আটকা ছিলাম। ফোনে বললাম, "আব্বা, উপরে চলে যান, নিতু আছে।"
আব্বা বললেন, "তুই আয়, আমি নিচে বসি।"

আমি সাড়ে সাতটায় ফিরলাম। গাড়ি থেকে নেমে দেখি গেটের পাশে দারোয়ানের প্লাস্টিকের টুলটায় আব্বা বসা। দারোয়ান দাঁড়ায় আছে। দুইজনের হাতে ফ্লাস্কের ঢাকনায় চা। কী নিয়া যেন দুইজনই হাসতেছে।

ঠিক তখনই সাত তলার রহমান সাহেব গাড়ি থেকে নামলেন। আমার দিকে তাকালেন। আব্বার দিকে তাকালেন।
আমার কান গরম হয়ে গেল।
"আব্বা, উপরে চলেন।"

গলাটা হয়তো একটু বেশি শক্ত শোনাইছিল। আব্বা চায়ের ঢাকনাটা দারোয়ানের হাতে ফেরত দিলেন। ওর কাঁধে একবার হাত রাখলেন।
"যাই বাবা। কাল আবার বসমু।"
লিফটে আমরা কেউ কোনো কথা বললাম না।

৪.
রাতে খাওয়ার সময় একটা ঘটনা ঘটল।
ওসমানের বয়স সাত। ও স্কুল থেকে ফেরার সময় প্রায়ই নিচে দারোয়ানের সাথে কিছুক্ষণ গল্প করে। আমি কয়েকবার মানা করছি।

সেদিনও খাওয়ার টেবিলে ও বলল, "আব্বু, মামা আজকে আমাকে কাগজ দিয়া নৌকা বানায় দিছে।"
আমি একটু বিরক্ত হয়ে বললাম, "ওসমান, তোমাকে কতবার বলছি, ওদের সাথে এত মাখামাখি করবা না।"
টেবিলটা চুপ হয়ে গেল।

আব্বা ভাতের লোকমাটা প্লেটে নামায় রাখলেন। আর খাইলেন না।
নিতু আমার দিকে এমনভাবে তাকাইল, যেন আমি টেবিলের উপর একটা গ্লাস ভাইঙ্গা ফেলছি।
আমি তখনো বুঝি নাই, আমি কী বললাম।
"ওদের।"

৫.
রাত এগারোটায় পানি খাইতে উঠে দেখি আব্বা বারান্দায় বসা। অন্ধকারে। হাতে তসবিহ।
আমি পাশে গিয়া বসলাম। কিছুক্ষণ কেউ কিছু বললাম না।
তারপর আব্বা জিজ্ঞেস করলেন, "নিচের ছেলেটার নাম জানস?"
আমি চুপ।

"চার বছর ধইরা এক গেট দিয়া ঢোকস, বাপ।"
"আব্বা, বিল্ডিংয়ে তো তিনজন দারোয়ান, শিফট বদলায়..."
"ওর নাম কামরুল। বাড়ি কুড়িগ্রাম। ছেলে ক্লাস এইটে পড়ে। মাসে আট হাজার টাকা পাঠায়। ছেলেটা নাকি অংকে ভালো।" আব্বা একটু থামলেন। "আধা ঘণ্টায় আমি এইটুকু জানছি।"

আমি কিছু বলতে পারলাম না।
আব্বা তসবিহটা আঙুলে ঘুরাইতে ঘুরাইতে বললেন, "বাইশ বছর গেটে দাঁড়াইছি, বাপ। প্রতিদিন হাজারখানেক মানুষ ঢুকত, বাইর হইত। আমি সবাইরে সালাম দিতাম।"
"বাইশ বছরে নাম ধইরা ডাকছে তিনজন।"

আব্বা আঙুল দিয়া গুনলেন।
"একজন ক্যাশ কাউন্টারের বড় অফিসার। প্রতিদিন সকালে বলতেন, আলমগীর ভাই, ভালো আছেন? একজন পিয়ন ছিল, আমার মতোই গরিব। আর একজন বুড়া চাচা, প্রতি মাসে পেনশন তুলতে আসতেন, আমার জন্য পকেটে দুইটা চকলেট রাখতেন।"
"ওই তিনজনের নাম আমি এখনো প্রতি রাতে দোয়ায় নেই। তিরিশ বছর পরেও।"

উনি আমার দিকে তাকাইলেন। অন্ধকারে চেহারা ঠিকমতো দেখা যাইতেছিল না। কিন্তু গলাটা আমি চিনি।
"কামরুল কাল রাতে দোয়ায় কার নাম নিব, বাপ?"

৬.
আমি বারান্দায় একা বসে রইলাম অনেকক্ষণ।
তারপর ফোনটা খুলে একটা হাদিস খুঁজলাম। শুক্রবারের খুতবায় কয়েকবার শুনছি, কখনো মন দিয়া শুনি নাই।

নবীজি (স.) বলেছেন, যার অন্তরে অণু পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। একজন সাহাবি জিজ্ঞেস করলেন, মানুষ তো চায় তার কাপড় সুন্দর হোক, জুতা সুন্দর হোক। নবীজি বললেন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হলো সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ করা (সহিহ মুসলিম)।
মানুষকে তুচ্ছ করা।

আমি সারাজীবন ভাবছি, অহংকার মানে বড় বড় কথা বলা, নিজের প্রশংসা করা। আমি তো ওইসব করি না। আমি শান্ত মানুষ।
অথচ চার বছর একজন মানুষ আমাকে প্রতিদিন সালাম দিছে, আর আমি তার নামটা জানার দরকার মনে করি নাই।
অহংকার মানে নিজেকে বড় ভাবা না।

অহংকার মানে অন্যকে এত ছোট দেখা, যে তার নামটাও জায়গা পায় না।
আর সবচেয়ে ভয়ংকর কথা, যে মানুষগুলোকে আমি "ওদের" বলি, আমার আব্বা তাদেরই একজন। ওই খাকি পোশাকের বেতন দিয়াই আজকে আমি ছয় তলায় থাকি।

আমি সিঁড়ি দিয়া উপরে উঠছিলাম। খেয়াল করি নাই, সিঁড়ির প্রথম ধাপটা ছিল আমার আব্বার পিঠ।

৭.
পরদিন সকালে নিচে নামলাম। ইয়ারফোন পকেটে রাখলাম।
কামরুল গেটের পাশে দাঁড়ায়। আমাকে দেখে অভ্যাসমতো একটু সোজা হইল।

"স্লামালিকুম স্যা..."
আমি ওর আগেই বললাম, "আসসালামু আলাইকুম, কামরুল ভাই।"
ও থেমে গেল। কথাটা মাঝপথে আটকায় গেল।

কয়েক সেকেন্ড ও আমার দিকে তাকায় রইল। যেন ঠিক শুনছে কিনা বুঝতে পারতেছে না।
তারপর খুব আস্তে উত্তর দিল, "ওয়ালাইকুম আসসালাম।" আর চোখ নামায় নিল।

আমি দেখলাম ওর চোখ ভিজা।
"আপনার ছেলে নাকি অংকে ভালো?"
ও হাসল। এই প্রথম আমি ওকে হাসতে দেখলাম। "জি স্যার। এইবার ক্লাসে দ্বিতীয় হইছে।"
"স্যার না ভাই। সাইমন ভাই বইলেন।"

ও কিছু বলল না। শুধু গাড়ির দরজাটা খুলে দিল। আমি এইবার বললাম, "থ্যাংক ইউ।"
গাড়িতে বসে অনেকক্ষণ স্টার্ট দিতে পারি নাই।
চার বছর। একটা সালামের উত্তর দিতে লাগে দুই সেকেন্ড। আমি চার বছরে ওই দুই সেকেন্ড খরচ করি নাই।

সালাম দিতে টাকা লাগে না। শুধু মাথাটা একটু নিচু করা লাগে। আর আমাদের কাছে ওইটাই সবচেয়ে ভারী।

৮.
সেই সপ্তাহে অফিসে একটা ছোট ঘটনা ঘটল।
টিম মিটিংয়ে একজন জুনিয়র ছেলে, নতুন জয়েন করছে, কথায় কথায় বলল ওর আব্বা গ্রামে একটা স্কুলের দপ্তরি। বলেই একটু থামল, অস্বস্তিতে। কয়েকজন মুখ টিপে হাসল।

আমি জীবনে প্রথমবার নিজের মুখে কথাটা বললাম।
"আমার আব্বা বাইশ বছর মতিঝিলে একটা ব্যাংকের গেটে দারোয়ান ছিলেন। উনার বেতন দিয়াই আমি পড়াশোনা করছি।"
মিটিং রুম চুপ।

জুনিয়র ছেলেটা আমার দিকে তাকায় রইল। ওর চোখে যা দেখলাম, তার নাম আমি জানি না। শুধু জানি, ওই দৃষ্টিটা আমি আগে কখনো কারো চোখে নিজের জন্য দেখি নাই।
কেউ আর হাসে নাই।

নবীজি (স.) বলেছেন, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে উঁচু করে দেন (সহিহ মুসলিম)।
আমি পনেরো বছর আব্বার পরিচয় লুকাইছি, ভাবছিলাম সত্যিটা বললে ছোট হয়ে যাব।
সেদিন মিটিং রুম থেকে বের হয়ে মনে হইল, জীবনে প্রথমবার একটু লম্বা হইলাম।

৯.
আব্বা গ্রামে ফেরার আগের দিন সন্ধ্যায় নিচে গিয়া দেখি, গেটের পাশে এইবার দুইটা টুল।
একটায় আব্বা, একটায় কামরুল। মাঝখানে আমি আরেকটা টুল টেনে বসলাম।
তিনজন একসাথে ফ্লাস্কের চা খাইলাম। কামরুলের ছেলের অংকের খাতার ছবি দেখলাম ওর ফোনে। আব্বা ওর ছেলের জন্য দোয়া করলেন।

সাত তলার রহমান সাহেব গাড়ি থেকে নেমে আমাদের দিকে তাকালেন।
এইবার আমার কান গরম হয় নাই।
যাওয়ার আগে আব্বা কামরুলকে বুকে জড়ায় ধরলেন। বললেন, "বাবা, আমার পোলাটার দিকে একটু খেয়াল রাইখো।"

উল্টা হওয়ার কথা ছিল। আমার খেয়াল রাখার কথা ছিল কামরুলের। আব্বা ইচ্ছা করেই উল্টা বললেন। আমি বুঝছি।

১০.
এখন সকালে নিচে নামলে আগে সালাম দেই। কখনো কামরুল আগে দিয়া ফেলে, তখন হার মানি।
ওসমান এখনো স্কুল থেকে ফেরার পথে কামরুলের সাথে গল্প করে। আমি আর মানা করি না। গত সপ্তাহে দেখি ও কামরুলের ছেলের জন্য নিজের একটা পুরান জ্যামিতি বক্স নিয়া গেছে।

নবীজি (স.) ঘরে নিজের জুতা নিজে সেলাই করতেন, কাপড়ে নিজে তালি দিতেন, পরিবারের কাজে হাত লাগাতেন (মুসনাদে আহমাদ)। যিনি দুই জাহানের সর্দার, তিনি নিজের হাতে জুতা সেলাই করতেন।

আর আমি একজন মানুষের সালামের উত্তর দিতে চার বছর লাগাইলাম।

আপনার বিল্ডিংয়ের গেটেও হয়তো একজন দাঁড়ায় থাকে। আপনার অফিসে একজন চা দেয়। আপনার বাসায় একজন ময়লা নিতে আসে। 

তাদের নাম জানেন? কারো রাতের দোয়ায় আপনার নামটা কি আছে?

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
শিল্প ও সাহিত্য জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!