ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ আইন-আদালত ]

সাঈদ খোকনকে ফের ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১২, ২৪ নভেম্বর ২০২৬
সাঈদ খোকনকে ফের ৭ দিনের রিমান্ডে চায় ডিবি
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে দ্বিতীয় দফায় আরও সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের পরিদর্শক মো. সুজন হক এ আবেদন করেন।

আবেদনের ওপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্বিতীয় দফার রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রথম দফায় সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সাঈদ খোকন মামলার মূল রহস্য এড়িয়ে কৌশলে বিভিন্ন জবাব দিয়েছেন। এতে তদন্তকারী কর্মকর্তাদের বিভ্রান্ত করে মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের বিষয়ে তিনি সন্তোষজনক তথ্য দিতে পারেননি।

তবে জিজ্ঞাসাবাদে তিনি মামলার গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই, ঘটনার মূল রহস্য উদঘাটন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য তাঁকে দ্বিতীয় দফায় আরও সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে ডিবি।

এর আগে গত ১৭ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। সেদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. সুজন হক তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

প্রথম দফার রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আন্দোলন দমনে তাঁর নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন এবং তিনি অর্থ ও অস্ত্রের জোগান দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

এ ছাড়া সরকার পতনের পর তিনি ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন এবং পলাতক শীর্ষ নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মঙ্গলবার সকাল ৭টার দিকে সাঈদ খোকনকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা কিশোর আবদুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর একই বছরের ২৬ আগস্ট তাঁর বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার ২৯ নম্বর এজাহারভুক্ত আসামি সাঈদ খোকন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!