ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রমিকদের দাবি ২২ হাজার, মালিকদের ১৫ হাজার ৮০০
তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে প্রায় ১০ ঘণ্টা আলোচনা করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড। মালিকপক্ষের প্রস্তাবে শ্রমিকরা রাজি না হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বৈঠক।
তবে আগের অবস্থান থেকে সরে এসে শ্রমিকপক্ষ নতুন করে ২২ হাজার টাকা নিম্নতম মজুরির প্রস্তাব দিয়েছে। অন্যদিকে মালিকপক্ষের সংশোধিত প্রস্তাব ১৫ হাজার ৮০০ টাকা বলে জানা গেছে।
দুই পক্ষের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছাতে আজ মঙ্গলবার দুপুর ২টায় আবার বৈঠকে বসবে বোর্ড। সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত মজুরি নির্ধারণের মাধ্যমে শিল্প খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
জানা গেছে, গতকাল বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ প্রথমে ১৫ হাজার টাকা নিম্নতম মজুরির প্রস্তাব দেয়। এর আগে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রস্তাব ছিল ৩২ হাজার টাকা। কয়েক দফা আলোচনার পর উভয় পক্ষই নিজেদের প্রস্তাব সংশোধন করে। এতে শ্রমিকপক্ষের প্রস্তাব দাঁড়ায় ২২ হাজার টাকা এবং মালিকপক্ষের ১৫ হাজার ৮০০ টাকা।
বোর্ড সদস্যরা মনে করছেন, আজকের বৈঠকে দুই পক্ষের মধ্যে একটি নির্দিষ্ট অঙ্কে সমঝোতা হতে পারে। তবে এখনো উভয় পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।
আজ দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে চতুর্থ সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
সভায় মালিক ও শ্রমিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে।