ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ আইন-আদালত ]

নুরুল ইসলাম নাহিদের জামিন দেয়নি আদালত

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ২৩ নভেম্বর ২০২৬
নুরুল ইসলাম নাহিদের জামিন দেয়নি আদালত
ফাইল ছবি

জুলাই আন্দোলনে মাদরাসাশিক্ষার্থী সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি জানিয়েছেন।

এদিন নুরুল ইসলাম নাহিদের পক্ষে আইনজীবী সাথী শাহা জামিন আবেদন করেন। আবেদনে বলা হয়, অসুস্থতার কারণে তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে চান। এ ছাড়া মামলার ঘটনার অনেক আগেই তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।

এর আগে গত বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম নাহিদ মামলার ঘটনা ও পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আন্দোলন প্রতিহত করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা এবং সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।

মামলার তদন্ত চলমান থাকায় তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। প্রয়োজনে পরবর্তী সময়ে তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও জানানো হয়।

গত ১৯ নভেম্বর রাত ২টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এ অভিযান চালানো হয়। পরে উত্তরা পশ্চিম থানার এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে কোটা সংস্কার আন্দোলন চলছিল। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান এবং গুলি করেন। এতে জামিয়াছিন ইসলামীয়া মাদরাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হন। পরে তাকে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!