ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মৃত্যু: প্রতিমন্ত্রী
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে দেশে প্রতিবছর সোয়া লাখ মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ ছাড়া আরও বেশি সংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয় এবং চিকিৎসার ব্যয়ও বেড়ে যায় বলে জানান তিনি।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ড. এম এ মুহিত বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবে চিকিৎসক ও রোগীদের আচরণে পরিবর্তন না এলে শুধু জ্ঞান বা সচেতনতা দিয়ে এ সংকট মোকাবিলা সম্ভব নয়।
ব্যবস্থাপত্র ছাড়া বা ওভার দ্য কাউন্টার (ওটিসি) পদ্ধতিতে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়ন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ও ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা থাকবে। ফলে স্বাস্থ্যসেবার বিভিন্ন কার্যক্রম ডিজিটাল নজরদারির আওতায় আসবে।
তিনি আরও বলেন, দেশব্যাপী সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত করা সম্ভব হবে।
চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য ও আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকে স্বাগত জানান তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনাবিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে কর্মশালাটি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএমইর পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান।
এতে আরও বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে স্বাগত বক্তব্য দেন সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো।