ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি ইউরোপীয় ইউনিয়নের
রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে ২২তম নিষেধাজ্ঞা প্যাকেজের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার ব্যাংক, ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম, তেল পরিবহনে ব্যবহৃত ছায়া নৌবহর এবং নিষেধাজ্ঞা এড়াতে সহায়তাকারী বিভিন্ন দেশের প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা রয়েছে।
ইউরোপীয় কমিশন এরই মধ্যে সদস্যদেশগুলোর সঙ্গে প্রস্তাবিত পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু করেছে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠেয় বিশেষ ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের আগে নিষেধাজ্ঞার প্রস্তাব সামনে আনার পরিকল্পনা রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটি হবে দেশটির বিরুদ্ধে ইইউর ২২তম নিষেধাজ্ঞা প্যাকেজ।
ইউরোনিউজের ১৭ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ব্যাংকিং খাত এবং প্রচলিত আন্তর্জাতিক লেনদেনব্যবস্থার বাইরে অর্থ স্থানান্তরে ব্যবহৃত ক্রিপ্টোকারেন্সি চ্যানেলগুলো নতুন নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও তেলের মূল্যসীমা এড়িয়ে রাশিয়ার তেল রপ্তানিতে ব্যবহৃত পুরোনো ট্যাংকারের বহর এবং এর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর ওপরও বিধিনিষেধ আরোপের পরিকল্পনা রয়েছে।
নিষেধাজ্ঞা এড়াতে তৃতীয় দেশের প্রতিষ্ঠান ও মধ্যস্থতাকারীদের ব্যবহারের প্রবণতা ঠেকানোও নতুন প্যাকেজের অন্যতম লক্ষ্য। এ জন্য নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও তদারকি জোরদার করতে ইউরোপীয় কমিশন বিশেষ দপ্তর গঠন করেছে। রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক লেনদেনে নিষেধাজ্ঞা লঙ্ঘনে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
১২ নভেম্বর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের পাশাপাশি ২০২৭ সালে ইউক্রেনের আর্থিক চাহিদা পূরণে সহায়তার প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন। এ বিষয়ে সদস্যদেশগুলোর মধ্যে আলোচনা চলছে। রাশিয়ার নিষেধাজ্ঞা এড়াতে সহায়তাকারী তৃতীয় দেশের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রুশ ও বেলারুশের অ্যাথলেটদের ইউরোপীয় ইউনিয়নে আয়োজিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ নিষিদ্ধ করার বিষয়টিও আলোচনায় রয়েছে।
এদিকে রাশিয়ার সাবেক সেনাসদস্য ও যুদ্ধে অংশ নেওয়া ব্যক্তিদের ইউরোপে প্রবেশে ভিসা বিধিনিষেধ আরোপের বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস।
নতুন নিষেধাজ্ঞা প্যাকেজে বড় ধরনের কোনো আকস্মিক পদক্ষেপের পরিবর্তে দ্রুত ঐকমত্যে পৌঁছানো সম্ভব, এমন পদক্ষেপকে গুরুত্ব দিচ্ছে ব্রাসেলস। সদস্যদেশগুলোর মধ্যে মতপার্থক্য কমিয়ে ডিসেম্বরের মধ্যে প্যাকেজটি চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর রাশিয়ার বিরুদ্ধে পৃথক নিষেধাজ্ঞার আওতায় ১২ ব্যক্তি ও ১০১টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে প্রায় ৫০টি রুশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, জ্বালানি খাতের ব্যবসায়ী এবং রাশিয়ার তেল পরিবহনে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের নাম রয়েছে। তবে এসব পদক্ষেপ আসন্ন ২২তম নিষেধাজ্ঞা প্যাকেজের অংশ নয়।
ইউক্রেন যুদ্ধের অবসানে কূটনৈতিক আলোচনা চললেও রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে মস্কোর যুদ্ধ পরিচালনার অর্থায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যের বিকল্প পথগুলো আরও সংকুচিত করতে চায় সংস্থাটি।