ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]
মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনায় গুরুত্ব

ইরান পরিস্থিতি নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রুবিও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৩, ২৩ নভেম্বর ২০২৬
ইরান পরিস্থিতি নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রুবিও
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, ইরান পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। সোমবার (২৩ নভেম্বর) এ বৈঠক হওয়ার কথা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী, ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টা) বৈঠকটি হওয়ার কথা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ বৈঠককে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকের আগে ইরান তাদের সাত দফা শর্ত সংশোধন করে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠাতে পারে বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম ইসরায়েল ন্যাশনাল নিউজ। ইরানের কয়েকটি আধা-সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইছে।

ইরানের আলোচ্য শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা, দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সব ফ্রন্টে সংঘাত স্থায়ীভাবে বন্ধ করা। তবে এসব শর্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সম্মতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাতার। এর আগে চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী। ইরানের পারমাণবিক কর্মসূচি, সামরিক উত্তেজনা এবং সংঘাত বন্ধের শর্ত নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দোহা।

অন্যদিকে হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার খবর এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে রুবিও ও কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক থেকে নতুন কোনো কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায় কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!