ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ভোলায় ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ মাদক কারবারি আটক
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ বোতল রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ মো. সেলিম (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশার মাঝের চরসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে কোস্ট গার্ড বেইস ভোলা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৮৫ হাজার টাকা।
আটক মো. সেলিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালীকাপর গ্রামের রমেজ আলীর ছেলে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে- ইলিশার মাঝের চরসংলগ্ন মেঘনা নদীপথে মাদকের একটি বড় চালান ভোলায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। একপর্যায়ে সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও হুইস্কিসহ সেলিমকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত অভিযানের বিষয়টি নিশ্চিত করেন বলেন, উদ্ধার করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।