ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফিরিয়ে দিলেন চানাচুর বিক্রেতা
সুনামগঞ্জ পৌর শহরে কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন চানাচুর বিক্রেতা আমির উদ্দিন (৩৫)। রোববার সন্ধ্যায় আলফাত স্কয়ার এলাকায় ভ্যানের চাকার কাছে পড়ে থাকা একটি ব্যাগ কুড়িয়ে পান তিনি। ব্যাগে স্বর্ণালংকার পেয়ে মালিকের সন্ধান শুরু করেন আমির। পরে প্রায় চার ঘণ্টার চেষ্টায় মালিকের খোঁজ পেয়ে পুলিশের উপস্থিতিতে রাত ১১টার দিকে ব্যাগটি ফিরিয়ে দেন। তাঁর সততায় মুগ্ধ হয়ে স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার পাঁচ হাজার টাকা উপহার দেন।
আমির উদ্দিন সুনামগঞ্জ শহরে ভ্যানগাড়িতে করে চানাচুর বিক্রি করেন। তিনি শহরের পশ্চিমবাজার এলাকায় একটি ভাঙাচোরা ভাড়া ঘরে পরিবার নিয়ে থাকেন। নিজের কোনো বাড়ি নেই। তাঁর দাবি, দোকানে আগেও তিনবার চুরি হয়েছে।
রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আলফাত স্কয়ার এলাকায় ভ্যানের চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন আমির উদ্দিন। ব্যাগটি কুড়িয়ে খুলে অন্য জিনিসের সঙ্গে প্রায় তিন ভরি স্বর্ণালংকার পান। নিরাপত্তার কথা ভেবে স্বর্ণালংকারগুলো ছেলেকে দিয়ে বাড়িতে পাঠিয়ে রাখেন। পরে ব্যাগটির মালিকের সন্ধান করতে থাকেন।
এদিকে শহরের আবুল হোসেন রোডে ভাড়া বাসায় থাকেন সজল তালুকদার। রোববার বিকেলে তাঁর স্ত্রী এক জোড়া স্বর্ণের চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি দোকানে যান। সঙ্গে ছিলেন সজল ও তাঁদের দুই শিশুসন্তান। কাজ শেষে আলফাত স্কয়ার হয়ে রিকশায় বাসায় ফেরেন তাঁরা। বাসার সামনে নেমে স্ত্রীর হাতের ব্যাগটি খুঁজে না পেয়ে বিপাকে পড়েন। কোথায় বা কীভাবে ব্যাগটি হারিয়েছে, তা বুঝতে পারছিলেন না।
পরে সজল দুই বন্ধুকে নিয়ে থানায় গিয়ে বিষয়টি জানান। এরপর ব্যাগটির সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে হতাশ হয়ে বাসায় ফিরে যান। তাঁর বন্ধুরা অন্য একটি রিকশায় বাড়ি ফেরার পথে স্বর্ণালংকার হারানোর বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। তাঁদের রিকশাচালক আবু সাইদ কথাটি শুনে জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়ে মালিকের খোঁজ করছেন। পরে বন্ধুরা সজলকে খবর দিয়ে আমির উদ্দিনের কাছে যান।
ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ পাশে ছিলেন বলে জানান আমির উদ্দিন। তিনি বলেন, ‘সোনা দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। পরে ছেলেরে দিয়া ঘরও পাঠাইছি সাবধানে রাখবার লাগি। আমার দোকানও রাখা নিরাপদ না, তিনবার দোকান চুরি অইছে।’
স্বর্ণালংকারগুলো রেখে দেওয়ার সুযোগ থাকলেও তা করেননি আমির উদ্দিন। এ বিষয়ে তিনি বলেন, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, থানায় জানানোর পর পুলিশ সদস্যদের দিয়ে সজল তালুকদারের সঙ্গে ব্যাগটির খোঁজ করা হয়। পরে তাঁরা আমির উদ্দিনসহ থানায় আসেন। তাঁর ভাষ্য, আমির উদ্দিনকে ভালো মানুষ মনে হয়েছে। তাঁর সততার কারণেই স্বর্ণালংকারগুলো ফেরত পাওয়া গেছে।
আমির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সজল তালুকদার বলেন, ‘আমরা তিনটা মানুষ চার ঘণ্টা ব্যাগটা খুঁজছি। আমির উদ্দিন লোকটারে সরল মনে অইছে। টাকা নিতে চায়নি, জোর করে দিছি। আমার কাছে তখন এই টাকাই ছিল।’