ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজনীতি ]

শেখ হাসিনার জন্য ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৫, ২৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার জন্য ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে: রাশেদ খাঁন
শেখ হাসিনা। ফাইল ছবি

আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদের বৈঠকের সুযোগ দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী অপরাধীদের চাঙ্গা করতে ‘শেখ হাসিনার ফেরানোর পথ খুঁজতে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক-নাছিমের বৈঠক’ শীর্ষক সংবাদ ভারতীয় মিডিয়ার বরাতে প্রচারের উদ্যোগ নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

‘আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন পলাতক আসামিকে ফেরাতে আরেকটি পলাতক গ্রুপের বৈঠক করার নজির নেই। ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত নিতে সরকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে গণহত্যার দায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

‘তবে ভারত তার এমন সেবাদাসকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত পাঠাবে কি না, সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য অনেক আন্তর্জাতিক চক্রান্ত আছে। সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

‘বিশেষ করে একটি অস্থিরতা সৃষ্টি করে নাগরিকত্ব বাতিল হওয়া ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করার একটি অপচেষ্টা আছে। ভারতীয় নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিদের পুশইন করার সেই অপচেষ্টা অতীতের ন্যায় রুখে দেওয়ার জন্য বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষকে সীমান্ত পাহারা দেওয়ার অনুরোধ করছি।’

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!