ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজনীতি ]

ঐক্যবদ্ধ থাকলে সন্ত্রাসীদের ভবিষ্যৎ থাকবে না: দুদু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৯, ২৩ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ থাকলে সন্ত্রাসীদের ভবিষ্যৎ থাকবে না: দুদু
সংগৃহীত ছবি

জনগণ ঐক্যবদ্ধ থাকলে দেশে কোনো সন্ত্রাসী ও পরজীবী গোষ্ঠীর ভবিষ্যৎ থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি আওয়ামী লীগকে আগুন ও হত্যার রাজনীতি করা ‘এক নম্বর সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করে বলেন, দলটি দেশের রাজনীতিতে শুধু আবর্জনা তৈরি করেছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল লেবার পার্টি আয়োজিত ‘নিষিদ্ধ আওয়ামী লীগ, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, গায়ের জোরে টানা তিন মেয়াদ ক্ষমতায় থেকে ব্যাপক গণহত্যা ও রক্তপাত চালানোর পর ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। গত ৫০-৫৫ বছরেও দেশে এমন স্বৈরাচার দেখা যায়নি। ছাত্র-জনতার বিপ্লবে পরাজিত হয়ে পালিয়ে যাওয়া কোনো শাসক আর রাজনীতিতে ফিরে আসতে পারেন না।

ভারতের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার মতো চিহ্নিত খুনি, লুটেরা ও হত্যাকারীকে আশ্রয় দিলে বিশ্বদরবারে ভারত নিজেই নিন্দিত হবে। বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে প্রতিবেশিসুলভ সুসম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখতে চায়। তবে গণহত্যা ও অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে আশ্রয় দিয়ে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দলটি আগুন ও হত্যার রাজনীতির মাধ্যমে দেশে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। গোপালগঞ্জের অন্যায় ও হত্যাকাণ্ডের সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই।

দুদু বলেন, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে সততা, আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন। অন্যদিকে আওয়ামী লীগ দেশের রাজনীতিকে কলুষিত করেছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী, পরজীবী ও রাজনীতিতে আবর্জনা সৃষ্টিকারীদের চিরতরে রুখে দিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সাধারণ মানুষ ও গণতান্ত্রিক শক্তিগুলো যত দিন ঐক্যবদ্ধ থাকবে, তত দিন দেশে তাদের কোনো ভবিষ্যৎ থাকবে না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!