ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

পাভেলের বাসার নিচে নির্মাতার সংবাদ সম্মেলন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৩২, ২২ নভেম্বর ২০২৬
পাভেলের বাসার নিচে নির্মাতার সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

নতুন টিভি ধারাবাহিক নাটক ‘হাঙামা’র শুটিংয়ে দুই দিন শিডিউল দিয়েও সেটে উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছে অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে।

তার অনুপস্থিতিতে প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নাটকটির নির্মাতা মানসুর আলম নির্ঝর। এ ঘটনায় শুটিং ইউনিটকেও চরম ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানান তিনি।

অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তুলে গভীর রাতে তার বাসার নিচে সংবাদ সম্মেলন করেছেন নির্মাতা ও শুটিং ইউনিটের সদস্যরা।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মিরপুরের পল্লবীতে পাভেলের বাসার নিচে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে শুটিংয়ে অনুপস্থিতি ও আর্থিক ক্ষতির বিস্তারিত তুলে ধরেন নির্মাতা নির্ঝর।

তিনি জানান, গত ২১ নভেম্বর ধারাবাহিক ‘হাঙামা’র শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল পাভেলের। সে অনুযায়ী আগে থেকেই শুটিং সেট প্রস্তুত করা হয়। অভিনেতাকে সেটে নেওয়ার জন্য একটি গাড়ি নিয়ে দিনভর তার বাসার নিচে অপেক্ষা করেন সংশ্লিষ্টরা। অন্যদিকে প্রায় ৬০ সদস্যের শুটিং ইউনিটও অপেক্ষায় ছিলেন। কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেও পাভেলের কোনো সাড়া পাওয়া যায়নি।

এমনকি তিনি শুটিংয়ে আসতে পারবেন কি না, কিংবা কোনো সমস্যায় পড়েছেন কি না, সেটিও কাউকে জানাননি বলে অভিযোগ করেন নির্মাতা।

নির্ঝরের দাবি, সেদিন নাটকটির কয়েকজন পরিচিত অভিনয়শিল্পীসহ পুরো ইউনিট পাভেলের জন্য অপেক্ষা করলেও শেষ পর্যন্ত তিনি সেটে আসেননি। কোনো উপায় না পেয়ে গভীর রাতে তার বাসার নিচে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন তারা।

নির্মাতা আরও জানান, প্রায় দুই মাসের প্রচেষ্টায় সব অভিনয়শিল্পীর শিডিউল সমন্বয় করে চলতি মাসের ১২ তারিখ থেকে ধারাবাহিকটির শুটিং শুরু করেন তারা। এর মধ্যে ১৫ নভেম্বরও পাভেলের শিডিউল ছিল। সেদিন শুটিং সেট প্রস্তুত করে অন্য অভিনয়শিল্পীদের নিয়ে সারাদিন অপেক্ষা করেও তাকে পাওয়া যায়নি। এতে ওই দিনের শুটিং বাবদ প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়।

পরবর্তী সময়ে পাভেল যোগাযোগ করে পারিবারিক সমস্যার কথা জানান এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন বলে দাবি নির্ঝরের। বিষয়টি বিবেচনায় নিয়ে এবং কাজ এগিয়ে নিতে তারা আবারও পাভেলকে নিয়ে শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই ধারাবাহিকতায় ১৭ ও ১৮ নভেম্বরের শুটিংয়ে অংশ নেন অভিনেতা। তবে ২১ নভেম্বর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলে অভিযোগ করেন নির্মাতা।

সব মিলিয়ে শুটিং সেট ও অন্যান্য খরচ বাবদ প্রায় ১৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি নির্ঝরের। এ ঘটনায় ইতোমধ্যে ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘকে বিষয়টি জানিয়েছেন তিনি। পাশাপাশি পুলিশকেও অবহিত করেছেন। পাভেল ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি জনসমক্ষে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নির্মাতা।

ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়েও হতাশা প্রকাশ করেছেন নির্ঝর। তার ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে নতুন করে শুটিং করা ছাড়া নাটকটি শেষ করার আর কোনো উপায় নেই। জোড়াতালি দিয়ে কাজ শেষ করতে চান না তিনি। গল্প কিংবা নির্মাণের মানের সঙ্গেও আপস করতে রাজি নন।

‘হাঙামা’ ধারাবাহিকে আরও অভিনয় করছেন শেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর ইনান, সামিউল ভূঁইয়া (ভাইসাব), তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়া, উজ্জ্বল মাহমুদ, শাওন (মিরাক্কেল), সিকদার মুকিত, জারিন জারা খান, সুমন পাটোয়ারী ও সিনি স্নিগ্ধাসহ অনেকে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!