ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিজের নামে অন্য শিশুর জন্মনিবন্ধন, বিপাকে পরিবার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ২২ নভেম্বর ২০২৬
নিজের নামে অন্য শিশুর জন্মনিবন্ধন, বিপাকে পরিবার
আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদ। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অন্যের সন্তানের জন্মনিবন্ধনে নিজের নাম ও পরিচয় ব্যবহারের অভিযোগ করেছেন সাবিনা ইয়াছমিন (৩৪) নামে এক নারী। নিজের মেয়ের জন্মনিবন্ধন করাতে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর নামে আগেই দ্বিতীয় সন্তানের জন্মনিবন্ধন করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন তিনি ও তাঁর পরিবার।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবিনা। প্রয়োজনে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁর স্বামী।

সাবিনা ইয়াছমিনের স্বামী মোহাম্মদ হাদিউল ইসলাম ভূঁইয়া। তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর এলাকায়। তাঁদের তিন বছর বয়সী মেয়ে মেহেরুন ইসলাম সানা রয়েছে।

সম্প্রতি মেয়ের জন্মনিবন্ধন করাতে আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদে গেলে জটিলতার মুখে পড়েন সাবিনা। তাঁর অভিযোগ, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তাঁর নামে আগেই দ্বিতীয় সন্তানের জন্মনিবন্ধন করা হয়েছে। অথচ তিনি আগে কখনো কোনো সন্তানের জন্মনিবন্ধন করাননি।

সাবিনার দাবি, তাঁদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিয়ম অনুযায়ী মেয়ের জন্মনিবন্ধন দ্বিতীয় সন্তান হিসেবে হওয়ার কথা। কিন্তু আগের একটি নিবন্ধনের কারণে মেয়েকে তৃতীয় সন্তান হিসেবে নিবন্ধনের আবেদন করতে বলা হচ্ছে।

এ ঘটনায় গত ৫ নভেম্বর আখাউড়া থানায় লিখিত অভিযোগ করেন সাবিনা ইয়াছমিন। অভিযোগে তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে অন্য শিশুর জন্মনিবন্ধন করার বিষয়টি উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসক কফিল উদ্দিন মাহমুদ বলেন, আবেদনকারীকে আগে দ্বিতীয় সন্তানের নিবন্ধন বাতিল করতে হবে। এ জন্য ঢাকা থেকে প্রত্যয়ন আনতে হবে। জরুরি হলে তৃতীয় সন্তান হিসেবে নিবন্ধন করাতে পারেন। এরপর দ্বিতীয় সন্তানের নিবন্ধন বাতিলের আবেদন করতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!