ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

কারখানায় কর্মবিরতি, সড়কে বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ২২ নভেম্বর ২০২৬
কারখানায় কর্মবিরতি, সড়কে বিক্ষোভ
শ্রমিক আন্দোলন

শ্রমিক অসন্তোষের রেশ কাটতে না কাটতেই গাজীপুরের শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়েছে। বেতন বাড়ানোর দাবিতে রোববার সকালে শ্রীপুরের কয়েকটি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। পরে লাঠিসোঁটা হাতে দলবদ্ধ হয়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় পৌনে এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের পর শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করলেও নতুন করে এই বিক্ষোভ অস্থিরতার শঙ্কা বাড়িয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকাল থেকে শ্রীপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। পুলিশ, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা দলবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর পৌর এলাকার হ্যামস কারখানার শ্রমিকরা প্রথমে আমানটেক্স কারখানার সামনে জড়ো হন। সকাল ৯টার দিকে তাঁরা মহাসড়কের দিকে যাওয়ার প্রস্তুতি নেন। এ সময় আশপাশের কয়েকটি কারখানায় গিয়ে কর্মরত শ্রমিকদেরও বাইরে বেরিয়ে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তাঁরা। এতে ধীরে ধীরে বিক্ষোভকারীর সংখ্যা বাড়তে থাকে।
সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিকদের একটি দল লাঠিসোঁটা হাতে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ময়মনসিংহগামী একটি প্রাইভেট কারসহ কয়েকটি যানবাহনে ভাঙচুর করা হয়। খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
একপর্যায়ে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে মিছিল নিয়ে আনসার রোডের দিকে অগ্রসর হন। আশপাশের কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান তাঁরা। আশপাডা মোড়ের সাবলাইম কারখানার সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। এ সময় শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। পরে শ্রমিকরা ১ নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় অবস্থান নিলে সেখানেও পুলিশ একই কৌশলে তাঁদের সরিয়ে দেয়। একপর্যায়ে তাঁরা আনসার রোডের বহেরারচালা আঞ্চলিক সড়কে অবস্থান নেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নেন। প্রায় ২০ মিনিট পর পুলিশের হস্তক্ষেপে তাঁরা সড়ক ছেড়ে যান। দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, কিছু শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেছিলেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, গাজীপুরের শিল্পকারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে। কোনো কারখানা বন্ধ হওয়ার খবর নেই। তবে শ্রীপুরে অল্পসংখ্যক শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেছিলেন। তাঁদের সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষের মধ্যে নতুন করে এই বিক্ষোভের ঘটনা স্থানীয় ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে মহাসড়কে অবরোধের চেষ্টা ও যানবাহনে ভাঙচুরের ঘটনায় শিল্পাঞ্চলের স্বাভাবিক যোগাযোগ ও উৎপাদন কার্যক্রম আবারও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শ্রমিকদের অসন্তোষের কারণ ও দাবিদাওয়া নিয়ে কার্যকর সমাধান না হলে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

 

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!