ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজনীতি ]

এভাবে আর নীরব বসে থাকার সুযোগ নেই : জামায়াত আমির

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৫২, ২২ নভেম্বর ২০২৬
এভাবে আর নীরব বসে থাকার সুযোগ নেই : জামায়াত আমির
ডা. শফিকুর রহমান ও সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলার ঘটনাকে কাপুরুষোচিত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, একের পর এক পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।

রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।

পোস্টে তিনি লেখেন, রাত ৩টার পর ডাকসুর ভিপি এবং জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা জড়িত বলে অভিযোগ করেন তিনি।

হামলার ঘটনাকে কাপুরুষোচিত উল্লেখ করে শফিকুর রহমান লেখেন, দ্রুত দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

পোস্টের শেষাংশে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, একের পর এক পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতা এর জন্য প্রধানত দায়ী।

তিনি আরও বলেন, এ বিষয়ে সরকার যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার সুযোগ নেই।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!