ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাজিপুরের তৈরি কম্বল যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়

গাজী শাহাদত হোসেন ফিরোজী
প্রকাশিত: ১২:৪৩, ২২ নভেম্বর ২০২৬
কাজিপুরের তৈরি কম্বল যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়
সিরাজগঞ্জ কাজীপুরে কম্বল তৈরিতে ব্যস্ত কারিগররা। ছবি: ডেইলি বাংলাদেশ

শীতের শুরুতেই সিরাজগঞ্জের কাজিপুরে গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে তৈরি করা পোশাক ও কম্বল এখন এলাকার বাজার দখলের পর যাচ্ছে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায়। কাজিপুরে ২৫টি গ্রামে গড়ে উঠেছে ক্ষুদ্র ক্ষুদ্র পোশাক কারখানা। কম্বল তৈরির কারিগরেরা এখন ব্যস্ত সময় পার করছে। এলাকার প্রায় ৩০ হাজার মানুষ এই কাজে জড়িত। অথচ, আড়াই দশক আগেই যমুনা নদীর করাল গ্রাসে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে কর্মহীন জীবনযাপন করেছিলেন এসব মানুষ।

জানা যায়, ১৯৯৪ সালের দিকে কাজীপুর উপজেলার ছালাভরা কুনকুনিয়া গ্রামের আব্দুল খালেক তার বাড়িতে পোশাক কারখানার ঝুট কাপড় দিয়ে কম্বল তৈরি শুরু করেন। পরে বর্শীভাঙ্গা গ্রামের সাইদুল ইসলামও শুরু করেন এই ব্যবসা। তারা ঢাকার গাজীপুর থেকে কিনে আনা ঝুট কাপড় দিয়ে কম্বল তৈরি করেন। সাইকেলে করে সেই কম্বল বিক্রি শুরু করেন গ্রামে গ্রামে। 

অল্প সময়ের মধ্যে লাভবান হওয়ায় উপজেলার শিমুলদাইড়, বর্শীভাঙ্গা, সাতকয়া, শ্যামপুর, ছালাভরা, কুনকুনিয়া, পাইকরতলী, ঢেকুরিয়া, বরইতলা, মুসলিমপাড়া, মানিকপটল, গাড়াবেড়, রশিকপুর, হরিনাথপুর, ভবানীপুর, মাথাইলচাপড়, রৌহাবাড়ী, পলাশপুর, বিলচতল, লক্ষ্মীপুর, বেলতৈল, চকপাড়া, চালিতাডাঙ্গা, কবিহার ও হাটশিরা গ্রামে ছড়িয়ে পড়ে এই ব্যবসা। এসব গ্রামের অন্তত ৩০ হাজার নারী-পুরুষ এই কম্বল তৈরির সঙ্গে সরাসরি জড়িত।

শিমুলদাইড় বাজারের কম্বল তৈরির কারিগর আবু সাইদ বলেন,  গার্মেন্টস এর  ফেলে দেওয়া ঝুট কাপড় বিশেষ কায়দায় সেলাই করে তৈরি করা হয় কম্বল। এসব ঝুট ঢাকা থেকে কিনে আনেন মালিকরা। এছাড়া চাহিদা অনুযায়ী নতুন কাপড় কেটেও তারা কম্বল তৈরির কাজ করেন৷

অন্য একজন কারিগর সহিদুল ইসলাম বলেন, কাজীপুর উপজেলার ২৫/২৬টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পোশাক শিল্পের টুকরো কাপড় দিয়ে পা ও ফ্ল্যাট লক মেশিনের মাধ্যমে কম্বল তৈরি করেন। তিনি বলেন, পা মেশিন দিয়ে প্রতিদিন একজন শ্রমিক ৮ থেকে ১০টা কম্বল তৈরি করেন। প্রত্যেক কম্বল তৈরি বাবদ একজন কারিগর সাইজ অনুযায়ী ৩০-৫০ টাকা করে পান। আর ফ্ল্যাট লক মেশিনে প্রতিদিন একজন কারিগর ৩৫০ থেকে ৫০০টি কম্বল তৈরি করতে পারেন। মৌসুমে পুরুষদের পাশাপাশি নারীরাও সংসারের কাজের ফাঁকে এ কাজ করে বাড়তি আয় করেন।

ফ্ল্যাট লক মেশিনের কারিগর ইসমাইল সেখ বলেন, প্রতিটি মেশিনে কমপক্ষে তিনজন শ্রমিক কাজ করে। এতে প্রতিজন এক হাজার থেকে ১ হাজার ২০০ টাকা আয় করতে পারেন।

ছালাভরা গ্রামের সুফিয়া খাতুন জানান, তিনি প্রতি কম্বল সেলাইয়ে ৩০ থেকে ৪০ টাকা করে মজুরি পান। বাড়ির কাজের ফাঁকে প্রতিদিন ৭ থেকে ১০টি কম্বল তিনি সেলাই করতে পারেন। এতে দিনে ২৮০ থেকে ৪০০ টাকা তার আয় হয়। এ আয় দিয়ে তিনি তার সন্তানদের পড়াশোনার খরচ ছাড়াও সংসারের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারেন। অপরদিকে তার স্বামীর আয় সঞ্চয় করে কৃষি জমি ও গবাদিপশু পালনে বিনিয়োগ করেন৷

শিমুলদাইড় বাজারের মেসার্স ভাই বোন ট্রেডার্সের মালিক রবিউল ইসলাম বলেন, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টসের টুকরো কাপড় কেনা হয়। এসব কাপড়ের দাম মণ প্রতি ৫০০ থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত হয়। প্রতিমণ কাপড়ে ৭০ থেকে ১২০টি পর্যন্ত কম্বল তৈরি হয়। প্রতি কম্বল পাইকারি বিক্রি হয় ৮০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত।

তিনি আরও বলেন, এ বাজারে প্রায় ১০০টি কম্বলের দোকান রয়েছে। এসব দোকান থেকে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা পাইকারি দরে কম্বল কিনে নিয়ে যান। এতে শীতের মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার পাইকারি কেনাবেচা হয়।

রংপুর থেকে কম্বল কিনতে আসা লিয়াকত আলী বলেন, আরামদায়ক ও দাম কম হওয়ায় প্রত্যেক শীতের মৌসুমে তিনি কাজীপুরে কম্বল কিনতে আসেন। এবার তিনি প্রায় ২০ লাখ টাকার কম্বল কিনে মজুদ করেছেন। যা আগামী মাস থেকেই বিক্রি শুরু করবেন। নতুন করে আরও পাঁচ লাখ টাকার কম্বল কিনে নিয়ে যাবেন।

শিমুলদাইড় বাজার বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন বলেন, কম্বলের পাশাপাশি ছোট ছেলে-মেয়েদের বিভিন্ন ধরনের পোশাকও তৈরি করা হয়। তৈরিকৃত এসব কম্বল ও পোশাক দেশের বিভিন্ন প্রান্তে পরিবহনযোগে চলে যায়। আবার কেউ কেউ অনলাইনে অর্ডার নিয়ে কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়। প্রত্যেক শীত মৌসুমে ১৫০ থেকে ২০০ কোটি টাকার কম্বল ও শিশুদের পোশাক বিক্রি হয়। 

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, কাজীপুরের কম্বল একটি সম্ভাবনাময় শিল্প। যার মাধ্যমে গ্রামে বসেই হাজারো মানুষের কর্মের সুযোগ তৈরি হয়েছে। ওই কম্বলগুলো আরামদায়ক ও দামে কম হওয়ায় নিম্ন আয়ের মানুষ ছাড়াও সকলের কাছেই বেশ পছন্দনীয়।

এ প্রসঙ্গে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভীন বলেন, কম্বল শিল্পকে আরও এগিয়ে নিতে প্রশিক্ষণের পাশাপাশি ব্যবসায়ীদের উৎসাহ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। যা আগামীতেও অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!