ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নামের ভুলে ১৮ বছর কারাবাস, চার সপ্তাহের প্যারোলে মুক্ত বাদল ফরাজী
নামের মিলের কারণে ভারতের একটি হত্যা মামলায় জড়িয়ে প্রায় ১৮ বছর কারাগারে কাটিয়েছেন বাংলাদেশের বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে। পরে পুলিশি নিরাপত্তায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হন বাদল। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে তার।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, চার সপ্তাহের প্যারোলে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে তাকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া জানান, প্যারোল নীতিমালা-২০১৬ অনুযায়ী সাধারণত ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির বিধান রয়েছে। তবে বাদল ফরাজীর ক্ষেত্রে মানবিক বিবেচনায় চার সপ্তাহের প্যারোল মঞ্জুর করা হয়েছে।
তিনি মনে করেন, প্রচলিত সময়সীমার বাইরে গিয়ে নেওয়া এ সিদ্ধান্ত বন্দিদের জীবনমান উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে। পাশাপাশি বিষয়টি আইনের শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ তৈরি করবে।
এর আগে গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে বাদল ফরাজীর প্যারোলে মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানানো হয়। পরে প্রশাসনিক প্রক্রিয়া শেষে তার মুক্তির সিদ্ধান্ত কার্যকর হয়।
এদিকে বাদল ফরাজীকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিতে পুলিশি এসকর্ট চেয়ে সোমবার (২৩ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে চিঠি দেয় মানবাধিকার ও আইনগত সহায়তাদানকারী সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
নামের মিলেই জীবনের ১৮ বছর কারাগারে
২০০৮ সালের ৬ মে ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে নির্মলা মাদান (৭১) নামের এক নারী খুন হন। ওই হত্যাকাণ্ডে ভারতীয় পুলিশ ‘বাদল সিং’ নামের এক ব্যক্তিকে খুঁজছিল। তিনি ছিলেন নিহত নারীর গৃহকর্মী।
হত্যাকাণ্ডের দুই মাস সাত দিন পর, ২০০৮ সালের ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান বাংলাদেশের বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। পরিবারের দাবি, তাজমহল দেখার উদ্দেশ্যে তিনি ভারতে গিয়েছিলেন। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে গ্রেপ্তার করে।
সে সময় বাদল ফরাজী ছিলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা না থাকায় নিজের পরিচয় যথাযথভাবে তুলে ধরতে পারেননি বলে দাবি পরিবারের। পরবর্তী সময়ে তার পাসপোর্ট, ভিসা, ভারতে প্রবেশের তথ্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রসহ বিভিন্ন নথি উপস্থাপন করা হলেও মুক্তি পাননি তিনি।
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেন। একই বছরের ২২ আগস্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।
প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দী ছিলেন বাদল ফরাজী। কারাগারে থাকা অবস্থায় তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন। পরে ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
দেশে ফেরার পর প্রথমে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পরে স্থানান্তর করা হয় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। তবে দেশে ফিরেও মুক্তি মেলেনি তার। দীর্ঘদিন ধরে পরিবারের সদস্য ও মানবাধিকারকর্মীরা তার মুক্তির জন্য বিভিন্ন পর্যায়ে চেষ্টা চালিয়ে আসছিলেন।
অবশেষে প্রায় ১৮ বছরের কারাবাসের পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী। দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারের কাছে ফেরার সুযোগ পেয়ে নতুন আশার আলো দেখছেন তিনি ও তার স্বজনেরা।