ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লেবেলবিহীন দই বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ফুড গার্ডেন হাইওয়ে রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দিনব্যাপী উপজেলার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ। তিনি জানান, লেবেল ছাড়া দই বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া উপজেলার চড়িয়া কান্দিপাড়ায় এইচ এন ফুড অ্যান্ড বেভারেজ নামের একটি শিশুখাদ্য চিপস তৈরির কারখানায় অভিযান চালিয়ে কিছু অনিয়ম পাওয়া যায়। তবে কারখানার মালিক উপস্থিত না থাকায় কাগজপত্র যাচাইয়ের জন্য তাকে অধিদপ্তরের কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এস এম মনজুরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।