ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্রমিক নেতাকে মুক্তি না দিলে ২০ ডিসেম্বর থেকে বাস ধর্মঘটের হুঁশিয়ারি

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ২৪ নভেম্বর ২০২৬
শ্রমিক নেতাকে মুক্তি না দিলে ২০ ডিসেম্বর থেকে বাস ধর্মঘটের হুঁশিয়ারি
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের গোয়াইনঘাটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সভায় বাস নিয়ে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের পরিচালনা কমিটির সদস্য সুজন মিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন পরিবহন শ্রমিকরা। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ নতুন বাস টার্মিনালের সামনে জেলা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও শ্রমিক নেতা ফারুক আহমদ।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি রিসোর্টে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের একটি সভা অনুষ্ঠিত হয়। তবে সভাটি আওয়ামী লীগ নেতার আয়োজন, তা বাসশ্রমিকরা জানতেন না। কয়েকজন ব্যক্তি আনন্দভ্রমণের কথা বলে একটি বাস ভাড়া করেন। পরে শ্রমিক ইউনিয়নের সদস্য সুজন মিয়া বাসটি নিয়ে তাদের রাতারগুলে পৌঁছে দেন। সভার বিষয়ে কিছু না জানলেও সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বক্তারা অবিলম্বে সুজন মিয়ার মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন থেকে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সুজন মিয়াকে মুক্তি দেওয়া না হলে আগামী ২০ ডিসেম্বর সকাল থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!