ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নারী শিক্ষকদের জন্য ‘বান্ধব’ বদলি নীতিমালা চায় সংসদীয় কমিটি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দ্রুত প্রণয়নের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ করে নারী শিক্ষকদের পারিবারিক ও সামাজিক ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত একটি ‘নারীবান্ধব’ বদলি নীতিমালা তৈরির তাগিদ দিয়েছে কমিটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কমিটির এ সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়।
কমিটির কার্যবিবরণী সূত্রে জানা গেছে, বৈঠকে শিক্ষকদের বদলির বিষয়টি উত্থাপন করেন কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
তিনি বলেন, নিজ জেলা থেকে অনেক দূরে কর্মস্থল হওয়া এবং বদলির সুযোগ না থাকায় অনেক নারী শিক্ষক পারিবারিক সংকটে পড়েছেন। দূরত্বের কারণে কারও সংসারে ভাঙন ধরেছে, ঘটেছে বিবাহবিচ্ছেদ। আবার অনেকে বাধ্য হয়ে শিক্ষকতা পেশাও ছেড়ে দিয়েছেন।
এসব মানবিক বিষয় বিবেচনায় নিয়ে দ্রুত নারী শিক্ষকবান্ধব বদলি নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে সংস্থাটির চেয়ারম্যান আলিফ রুদাবা জানান, শিক্ষকদের বদলির বিষয়টি এনটিআরসিএর এখতিয়ারভুক্ত নয়। এ কার্যক্রম পরিচালনা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের কাজ বর্তমানে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, বদলি কার্যক্রম পরিচালনার জন্য মাউশি ইতিমধ্যে একটি সফটওয়্যার তৈরি করেছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় বদলি কার্যক্রম শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।