ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাবনায়  বাসচাপায় কলেজছাত্র নিহত

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ২৮ অক্টোবর ২০২৬
পাবনায়  বাসচাপায় কলেজছাত্র নিহত
ছবি- ডেইলি বাংলাদেশ

 

পাবনায় সড়ক দুর্ঘটনায় রোমান (২৪) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় তার সাথে থাকা নারীযাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুরের রত্নদ্বীপ রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমান পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাকিমপুর গ্রামের শামসুর রহমানের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনাটির বিষয় নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোমান তার বান্ধবীকে নিয়ে রিকশাযোগে ঘুরতে বের হয়েছিলেন। রিকশাটি মহাসড়কের রত্নদ্বীপ রিসোর্ট গেট থেকে বের হওয়ার সময় চালক আচমকা   মোড় নেয়। ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী ‘হিমেল পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে জোরালো ধাক্কা দেয়। এতে রোমান ছিটকে বাসের নিচে পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান. চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাসের চাকা রোমানের মাথার উপর দিয়ে চলে গেলে তার মাথা থেঁতলে যায়। পরে উপস্থিত জনতা ধাওয়া দিয়ে বাসটিকে চালকসহ আটক করে। দুর্ঘটনায় রোমানের সঙ্গে থাকা তার বান্ধবীও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বাসের চালক দাবি করেছেন, তার গাড়ির মাত্র ৫-৭ ফুট সামনে হঠাৎ করেই রিকশাটি মোড় নেয়। ওই মুহূর্তে তার পক্ষে গাড়ি সামলানো সম্ভব ছিল না। তিনি সাথে সাথে ব্রেক কষলেও কোনো কাজ হয়নি এবং দুর্ঘটনা ঘটে যায়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশেপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা ওই স্থানে দ্রুত গতিরোধক (স্পিডব্রেকার) নির্মাণের দাবি জানান।

হাইওয়ে পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান, বাসটিকে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

 

 

 

 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!