ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]
পিউ রিসার্চের প্রতিবেদন

বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৩১, ১৯ নভেম্বর ২০২৬
বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম
২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। ছবি: সংগৃহীত

বিশ্বে সবচেয়ে বেশি অনুসারীর ধর্ম হিসেবে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম। ২০৭০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ইসলামের। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দশকে মুসলিম ও খ্রিষ্টান—উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়বে। তবে খ্রিষ্টানদের তুলনায় মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির হার বেশি হবে। ফলে একপর্যায়ে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম।

২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করেছে পিউ। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস। ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যার পরিবর্তন ও বিস্তারের ওপর ভিত্তি করে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী এবং কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন—এমন মানুষ।

গবেষণাটি পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের অংশ। বিশ্বে ধর্মীয় পরিবর্তন এবং এর প্রভাব বিশ্লেষণ করাই এ প্রকল্পের উদ্দেশ্য।

তবে পিউ জানিয়েছে, এই পূর্বাভাসকে ভবিষ্যতের নিশ্চিত চিত্র হিসেবে দেখার সুযোগ নেই। আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধসহ বিভিন্ন ঘটনা মানুষের ধর্মীয় পরিচয়ে পরিবর্তন আনতে পারে।

মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার বেশি

প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার বিশ্বের অন্যান্য প্রধান ধর্মীয় গোষ্ঠীর তুলনায় বেশি। মুসলিম জনগোষ্ঠীর দ্রুত বৃদ্ধির অন্যতম কারণ এটি।

পিউর হিসাব অনুযায়ী, একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দেন। অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে খ্রিষ্টানদের সন্তান জন্মদানের হার দ্বিতীয় সর্বোচ্চ।

জনসংখ্যা স্থিতিশীল রাখতে সাধারণত একজন নারীর গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্ম দেওয়া প্রয়োজন।

গবেষণায় বলা হয়েছে, আগামী কয়েক দশকে মুসলিম ও খ্রিষ্টান—উভয় জনগোষ্ঠীর জনসংখ্যাই বাড়বে। তবে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির কারণে মুসলিম জনগোষ্ঠীতে নতুন করে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। বিপরীতে খ্রিষ্টান জনগোষ্ঠীতে এ সংখ্যা হতে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ।

ধর্ম পরিবর্তনের কারণে পিছিয়ে পড়তে পারে খ্রিষ্টধর্ম

ধর্ম ত্যাগ ও ধর্মান্তরের হিসাবেও মুসলিম ও খ্রিষ্টান জনগোষ্ঠীর মধ্যে পার্থক্য রয়েছে।

পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে যাওয়া এবং অন্য ধর্ম থেকে ইসলামে আসার হিসাব মিলিয়ে মুসলিম জনগোষ্ঠীর নিট ক্ষতি হতে পারে ৮০ লাখ মানুষের।

অন্যদিকে, খ্রিষ্টধর্মের ক্ষেত্রে এ ক্ষতির পরিমাণ হতে পারে ১০ কোটি ৫০ লাখ।

প্রতিবেদনে বলা হয়েছে, খ্রিষ্টধর্ম ত্যাগকারীদের একটি বড় অংশ পরবর্তী সময়ে কোনো ধর্মের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবেন না। তাঁদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও রয়েছেন।

তবে মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির পেছনে খ্রিষ্টানদের ব্যাপক হারে ইসলাম গ্রহণকে প্রধান কারণ হিসেবে দেখছে না পিউ। বরং মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া এবং খ্রিষ্টান থেকে মুসলিম হওয়ার সম্ভাব্য সংখ্যা প্রায় কাছাকাছি। তবে খ্রিষ্টান থেকে মুসলিম হওয়ার সংখ্যা সামান্য বেশি হতে পারে।

বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হতে পারে পাকিস্তান

পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের মুসলিম জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধি ঘটবে বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে।

২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ২০৭০ সালের মধ্যে এসব দেশে আরও প্রায় ১২০ কোটি মুসলিম বসবাস করতে পারেন। বিশ্বে মুসলিম জনসংখ্যার মোট বৃদ্ধির প্রায় ৭৪ শতাংশ ঘটবে এসব দেশে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এর ফলে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠতে পারে পাকিস্তান।

এদিকে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে ২০৭০ সালের মধ্যে মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও মুসলিমদের সংখ্যা বাড়বে। এ অঞ্চলে ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে যেতে পারে মুসলিমরা।

অন্যদিকে, খ্রিষ্টানদের জনসংখ্যা বৃদ্ধিও মূলত বর্তমানে খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ ১২০টি দেশে কেন্দ্রীভূত থাকবে। এসব দেশে খ্রিষ্টান জনসংখ্যা প্রায় ৬৩ কোটি বাড়তে পারে, যা বিশ্বে খ্রিষ্টান জনসংখ্যার মোট বৃদ্ধির প্রায় ৯২ শতাংশ।

সব মিলিয়ে পিউর গবেষণায় বলা হয়েছে, আগামী পাঁচ দশকে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার চিত্রে বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে জন্মহার ও স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির কারণে বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!