ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রেজিনা খাতুনকে (৩০) গলা কেটে হত্যার দায়ে স্বামী মো. মোতালেব শেখকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে সিরাজগঞ্জ ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) শাকিল মোঃ শরিফুল দায়দার (রফিক সরকার তথ্য নিশ্চিত করে মামলার এজাহার সূত্রে জানান, প্রায় আড়াই বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার এরান্দহ কারিগরপাড়া গ্রামের মো. আব্দুল আজিজ সরকারের মেয়ে রেজিনা খাতুনের সঙ্গে একই উপজেলার ব্রাহ্মণবাঘ গ্রামের মো. মোকসেদ আলীর ছেলে মো. মোতালেব শেখের তৃতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকেই মোতালেব নানা অজুহাতে তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে ভাবে নির্যাতন করে আসছিলেন।
এরই ধারাবাহিকতায়, ২০২৫ সালের ১২ জুন দিবাগত রাতের কোনো এক সময়ে মোতালেব শেখ ধারালো ছুরি দিয়ে গলা কেটে স্ত্রী রেজিনা খাতুনকে হত্যা করেন। এ সময় নিহতের আট মাসের শিশু সন্তান মাহিয়ার কান্না শুনে বাদী ও আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরের ভেতর রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় ঘাতক স্বামী মোতালেবকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করা হয়।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মো. আব্দুল আজিজ সরকার বাদী হয়ে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানায় পেনাল কোডের ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানির পর সাক্ষ্য-প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক মো. মাসুদ পারভেজ এই রায় প্রদান করেন। রায়ে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং পূর্বে হাজতবাস করার সময় ফৌজদারি কার্যবিধির ৩৫ ধারা অনুযায়ী সাজা থেকে কর্তন করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।