পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
পাবনা সদর উপজেলায় একটি বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু এ ঘটনাটি নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় তারা একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরটি ছিল পলিথিনের। সেখানেই বজ্রপাত ঘটে। যারা নিহত হয়েছেন তারা কিশোর ও তরুণ।
চেয়ারম্যান বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে আমরা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় কৃষকরা প্রতিদিনের মতো সোনাপাতিল বিলে কৃষিকাজ ও মাছ শিকারের কাজে ব্যস্ত ছিলেন। বিকালের দিকে হঠাৎ করেই আকাশ কালো হয়ে প্রবল বর্ষণ শুরু হয় এবং একের পর এক বিকট শব্দে বজ্রপাত হতে থাকে। এসময় বিলে অবস্থানরত একাধিক কৃষক ও শ্রমিকের ওপর সরাসরি বজ্রপাত আঘাত হানলে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে বিকট শব্দের পর স্থানীয় বাসিন্দারা দ্রুত সোনাপাতিল বিলে ছুটে যান এবং সেখান থেকে ৬ জনের নিথর দেহ উদ্ধার করেন। বজ্রপাতের ভয়াবহতায় আহত হন আরও কয়েকজন। দ্রুততার সঙ্গে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।