ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
চসিক প্রশাসকের আমন্ত্রণ এমবাপ্পেকে চট্টগ্রাম সফরের
পৃথিবীজুড়ে ফুটবলের অন্যতম জনপ্রিয় তারকা কিলিয়ান এমবাপ্পেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। ফরাসি এই ফুটবল সুপারস্টারকে চট্টগ্রামে এনে নগরীর শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে চান তিনি।
মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের রেস্ট হাউসে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এমবাপ্পেকে এই আমন্ত্রণ জানান সিটি প্রশাসক। অলিভিয়ের রোঙের মাধ্যমে বিশ্বকাপজয়ী ফরাসি তারকার কাছে আমন্ত্রণটি পৌঁছে দেওয়ার অনুরোধও জানান তিনি।
এমবাপ্পের মতো বিশ্বখ্যাত একজন ফুটবলারের চট্টগ্রাম সফর তরুণদের মধ্যে ক্রীড়া চর্চায় নতুন আগ্রহ তৈরি করবে বলে মনে করেন ডা. শাহাদাত হোসেন। তার মতে, আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত এমন একজন তারকার উপস্থিতি শিশু-কিশোর ও তরুণদের ফুটবলের প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তনেও ভূমিকা রাখতে পারে।
সাক্ষাৎকালে ডা. শাহাদাত বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে চায় চট্টগ্রাম সিটি করপোরেশন।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। একটি সুস্থ, মেধাবী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে নগরীতে ক্রীড়াচর্চার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
এ লক্ষ্যে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এমবাপ্পেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ প্রসঙ্গে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙ বলেন, বিষয়টি অত্যন্ত সম্মানজনক। ফরাসি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কিলিয়ান এমবাপ্পের কাছে আমন্ত্রণটি পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা করা হবে।
সাক্ষাৎকালে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তীসহ সিটি করপোরেশন ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।