ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
পাহাড়ের প্রান্তিক খামারিদের পাশে সিন্দুকছড়ি সেনা জোন
পাহাড়ের দুর্গম এলাকায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ পালনে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে বাটনাতলী আর্মি ক্যাম্পে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণে দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন গ্রামের প্রান্তিক খামারিরা অংশ নেন। এতে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালনের সঠিক পদ্ধতি, পশুপাখির রোগ শনাক্তকরণ, রোগ প্রতিরোধে টিকাদান, কৃমিনাশক ওষুধের ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী নেহাত ফয়সল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বাটনাতলী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আফিফ আবিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত কুমার সেন, স্থানীয় হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত কুমার সেন খামারিদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। পশুপাখির সাধারণ রোগের লক্ষণ, সময়মতো টিকা প্রদান, কৃমিনাশক ওষুধ ব্যবহারের নিয়ম এবং সুষম খাদ্যের মাধ্যমে উৎপাদন বাড়ানোর কৌশল তুলে ধরেন। এ সময় খামারিরা নিজেদের বিভিন্ন সমস্যার কথা জানালে সেগুলোর সমাধানও দেওয়া হয়।
একজন খামারি বলেন, আগে গরু অসুস্থ হলে কী করতে হবে, তা বুঝতে পারতেন না। অনেক সময় কবিরাজের কাছে যেতে হতো। প্রশিক্ষণে সময়মতো টিকা দেওয়া ও সঠিক পরিচর্যার গুরুত্ব জানতে পেরেছেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে প্রয়োজনীয় পশুপাখির ওষুধ বিতরণ করা হয়। দুর্গম পাহাড়ি এলাকায় এসব ওষুধ সহজে পাওয়া যায় না বলে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখছেন স্থানীয় খামারিরা।
স্থানীয় এক হেডম্যান বলেন, সেনাবাহিনী পাশে থাকলে পাহাড়ের মানুষ সাহস পান। খামারিদের গবাদিপশু ও হাঁস-মুরগি সুস্থ থাকলে তাদের পরিবারের আর্থিক অবস্থাও ভালো থাকে।
সংশ্লিষ্টরা জানান, পাহাড়ি এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে সিন্দুকছড়ি সেনা জোন বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিনামূল্যে চিকিৎসা, চক্ষু চিকিৎসা, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন উদ্যোগের পাশাপাশি এবার প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।