ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
গোয়ালন্দে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ
রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের একটি পেজ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘণ্টাব্যাপী দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানান।
রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুল হাসান রাশেদের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রুবেল আপন, গোয়ালন্দ উপজেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মো. রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সোহাগ সরদার, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. সুজনুর রহমান সাগর, রাজবাড়ী সদর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. বাদল মল্লিক, ছাত্র অধিকার পরিষদ কালুখালী উপজেলার সভাপতি ওবায়দুল রহমান, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সুলতানুর রহমান সুলতানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু কাউকে প্রাণনাশের হুমকি দিয়ে ভীতি সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হুমকির মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নষ্টের চেষ্টা করা হচ্ছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা ও হুমকির সংস্কৃতি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
বিক্ষোভ কর্মসূচি থেকে নেতাকর্মীরা এ ধরনের হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।