ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

যৌনকর্মী ও তাদের সন্তানদের অধিকার নিশ্চিতে সেবাদানকারীদের সংবেদনশীলতা বৃদ্ধিতে কর্মশালা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৮, ১৭ নভেম্বর ২০২৬
যৌনকর্মী ও তাদের সন্তানদের অধিকার নিশ্চিতে সেবাদানকারীদের সংবেদনশীলতা বৃদ্ধিতে কর্মশালা
শাপলা মহিলা সংস্থার আয়োজনে কর্মশালা ছবি : ডেইলী বাংলাদেশ

যৌনকর্মী ও তাদের সন্তান, কিশোর-কিশোরী এবং সহিংসতার শিকার ব্যক্তিদের অধিকার ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে সচেতনতা ও সংবেদনশীলতা বাড়াতে রাজবাড়ীর গোয়ালন্দে কমিউনিটি কর্মশালা ও সংবেদনশীলতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শাপলা মহিলা সংস্থার অস্থায়ী কার্যালয়ে সংস্থাটির ‘প্রজন্ম-সোপান’ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ  উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাপ্পি কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সনজয় বৈদ্য, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ইব্রাহিম সরদার, শাপলা মহিলা সংস্থার প্রজন্ম-সোপান প্রকল্পের ইমপ্লিমেন্টিং অফিসার মো. খোরশেদ আলম, পায়াক্ট বাংলাদেশের ম্যানেজার মো. মজিবুর জুয়েল এবং অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প ব্যবস্থাপক শফিকুল ইসলাম শামীমসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

 

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল, যৌনকর্মী ও তাদের সন্তান, কিশোর-কিশোরী এবং সহিংসতার শিকার ব্যক্তিদের অধিকার ও বাস্তব জীবন পরিস্থিতি সম্পর্কে সেবাদানকারীদের মধ্যে সংবেদনশীলতা বৃদ্ধি করা। পাশাপাশি সেবা গ্রহণের ক্ষেত্রে কলঙ্ক, বৈষম্য, অবহেলা ও অসম আচরণের কারণগুলো চিহ্নিত করে তা দূর করার উপায় নিয়ে আলোচনা করা হয়।

 

এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, স্থানীয় সরকার, সামাজিক সুরক্ষা ও আইনগত সেবা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি সম্মানজনক ও সমঅধিকারভিত্তিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং কমিউনিটি পর্যায়ের সেবাদানকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও রেফারেল ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যেন পরিচয় বা পেশাগত কারণে কোনো ধরনের বৈষম্য, অবহেলা কিংবা অসম আচরণের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক নাগরিকের জন্য সমান অধিকার, মর্যাদা ও মানবিক আচরণ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

 

ডেইলি-বাংলাদেশ/রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!