ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ১৭ নভেম্বর ২০২৬
বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫
বোরহানউদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আটক পাঁচজন। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধের পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন- মো. মিলন হাওলাদার (৪৯), মো. জামাল হাওলাদার (৪৫), মো. সাদ্দাম হাওলাদার (৩০), মো. সোহেল (২৬) ও মো. মহিউদ্দিন (৪৭)। তারা ভোলা, পটুয়াখালী ও বরিশাল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দেউলা লঞ্চঘাটসংলগ্ন তেঁতুলিয়া নদীর চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালান। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক পাঁচজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দ করা ড্রেজার ও দুটি বাল্কহেডের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!