ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

বনদস্যুর ভয়ে সুন্দরবনবিমুখ জেলেরা, কমেছে পাস-পারমিট

কামাল হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ১৭ নভেম্বর ২০২৬
বনদস্যুর ভয়ে সুন্দরবনবিমুখ জেলেরা, কমেছে পাস-পারমিট
ছবি: ডেইলি বাংলাদেশ

বনদস্যুদের চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের ভয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে যেতে সাহস পাচ্ছেন না জেলেরা। নিরাপত্তাহীনতায় অনেকে পেশা ছেড়ে দিয়েছেন, আবার কেউ কেউ অপেক্ষা করছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার।

এতে সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরণের পাস-পারমিট নেওয়া জেলের সংখ্যা কমে গেছে আশঙ্কাজনকভাবে। সংকটে পড়েছে উপকূলের হাজারো জেলে পরিবার। একই সঙ্গে কমছে বন বিভাগের রাজস্ব আয়।

খুলনা বন সংরক্ষকের কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সুন্দরবনে প্রায় ১২ হাজার বিএলসিধারী বা নিবন্ধিত জেলে রয়েছেন। পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই এবং পশ্চিম বন বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের ১৬টি ফরেস্ট স্টেশনের মাধ্যমে এসব জেলে মাছ ও কাঁকড়া আহরণের পাস-পারমিট নিয়ে বনে প্রবেশ করেন।

বনদূস্যদের তৎপরতা ও চাঁদাবাজির কারণে জেলেদের সুন্দরবনে প্রবেশ উল্লেখযোগ্য হারে কমেছে। সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বছর আগের তুলনায় বর্তমানে প্রায় এক-তৃতীয়াংশ জেলে পাস-পারমিট নিয়ে মাছ, কাঁকড়া ও মধু আহরণ করছেন।

সাতক্ষীরা জেলার গাবুরা গ্রামের কাঁকড়া শিকারি আব্দুল করিমের জানান, গত মাসে চারটি নৌকার জন্য চার লাখ টাকা চাঁদা দিয়ে বনে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে তার নৌকা আটকে আরো চার লাখ টাকা আদায় করে দস্যুরা। ভয়ে তিনি দুই গোনে (মাছ-কাকড়া ধরার মৌসুম) সুন্দরবনে যাননি।

একই এলাকার বাসিন্দা পারুল আক্তার বলেন, তার পরিবারের দুজন সদস্য সুন্দরবনে যান। তার স্বামীকে আটকে রেখে ফোন করে টাকা আদায় করা হয়েছে।"গ্রামে খুব অভাব যাচ্ছে মানুষির। পনেরদিন একম মাস কেউ জঙ্গলে যাতি পারছে না। আমার স্বামীরে চার দিন আটকে রাখছিল বনের মধ্যে। ৫০ হাজার টাকা দিয়ে ছাড়ায় আনতি হয়েছে।"

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা সাদিকুর রহমান জানান, তার স্টেশনে ৮৮৪ জন নিবন্ধিত জেলে রয়েছেন। গত অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত মাত্র ২৫০ জন মাছ ও কাঁকড়া আহরণের পাস-পারমিট নিয়েছেন।

সাতক্ষীরা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মাহবুবুল আলম জানান, তার স্টেশনে ৮৭৩ জন বিএলসিধারী জেলে রয়েছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে তাঁদের মধ্যে মাত্র ১২০ জন পাস-পারমিট নিয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে গেছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা মনজুর মোর্শেদ বলেন,৪৯৩ জন বিএলসিধারী জেলে-বাওয়ালী রয়েছে তার।বনদস্যুদের চাঁদাবাজি ও নির্যাতনের কারণে পাস-পারমিট এক-তৃতীয়াংশে নেমে এসেছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন,বনদস্যুদের চাঁদাবাজি ও নির্যাতনের ভয়ে জেলেরা বনে প্রবেশ কমিয়ে দিয়েছেন। এতে মাছ ও কাঁকড়া আহরণের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ছে।

এদিকে বনদস্যুদের অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে এবং তাদের নির্মূলের দাবিতে কয়েক দফা কর্মসূচি পালন করেছেন সুন্দরবননির্ভর জেলেরা। খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন সড়ক এবং সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ফরেস্ট স্টেশনের ভেটখালী এলাকায় মানববন্ধন ও সভা-সমাবেশ করেছেন তারা।

কয়েক দিন আগে কৈখালী ফরেস্ট স্টেশনের কাছে সুন্দরবনে প্রবেশের একটি খালের সামনে শতাধিক ডিঙি নৌকা নিয়ে নৌবন্ধন করেন জেলেরা। তাঁদের দাবি, বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ করে সুন্দরবনে নিরাপদে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!