ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
টক শোতে বিতর্কের জেরে দুই অতিথির মারামারি
আর্মেনিয়ায় টেলিভিশনের একটি টক শোতে বিতর্কের একপর্যায়ে শারীরিক সংঘর্ষে জড়িয়েছেন দুই অতিথি। অনুষ্ঠানটি আগে থেকেই রেকর্ড করা হলেও মারামারির দৃশ্যসহ পুরো পর্বটি কোনো কাটছাঁট ছাড়াই সম্প্রচার করেছে টেলিভিশন কর্তৃপক্ষ। এ ঘটনায় সমালোচনার মুখে পড়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।
অনুষ্ঠানটির আলোচ্য বিষয় ছিল ‘ঐক্যবদ্ধ বিরোধী জোটের কর্মসূচি’।
গত ১৩ নভেম্বর ‘মেৎস বানাভেচ’ বা ‘দ্য গ্রেট ডিবেট’ নামের অনুষ্ঠানটি রেকর্ড করার সময় সাংবাদিক বরিস মুরাজি ও রাজনৈতিক বিশ্লেষক হারুতিউন মকর্তচিয়ানের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ১৫ নভেম্বর অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।
বিতর্কের একপর্যায়ে সাবেক প্রেসিডেন্ট সেরঝ সার্গসিয়ানের সঙ্গে সাংবাদিক মুরাজির কথিত ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন মকর্তচিয়ান। সংবাদমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে করা ওই প্রশ্নকে অপমানজনক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন মুরাজি।
এরপর দুজনের মধ্যে পাল্টাপাল্টি অপমানজনক মন্তব্য শুরু হয়। একপর্যায়ে তারা একে অপরের পরিবারের সদস্যদের নিয়েও কটূক্তি করেন। পরে কথার লড়াই গড়ায় শারীরিক সংঘর্ষে। পুরো ঘটনাটি ক্যামেরায় ধারণ করা হলেও কোনো অংশ বাদ না দিয়েই তা সম্প্রচার করে টেলিভিশন কর্তৃপক্ষ।
এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে দেশটির সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা টেলিভিশন ও রেডিও কমিশন (টিআরসি)। সংস্থাটি বলেছে, উত্তপ্ত বিতর্ক, দর্শক আকর্ষণের চেষ্টা কিংবা নিরপেক্ষতার দোহাই দিয়ে প্রকাশ্য সহিংসতা ও অপমানজনক আচরণকে বৈধতা দেওয়া যায় না।
কমিশনের মতে, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের দায়িত্বশীল আচরণ করা উচিত। বিশেষ করে অনুষ্ঠানটি আগে থেকে রেকর্ড করা হলে সহিংসতার দৃশ্য বাদ দেওয়া এবং পরিস্থিতি সামাল দেওয়ার যথেষ্ট সুযোগ ছিল।
এদিকে মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষা কমিটির চেয়ারম্যান আশোত মেলিকিয়ানও অনুষ্ঠানটির সম্প্রচারের সমালোচনা করেছেন। তার মতে, এ অনুষ্ঠানের কোনো জনস্বার্থসংশ্লিষ্ট মূল্য ছিল না। বরং এটি আর্মেনীয় সমাজে ক্রমবর্ধমান রাজনৈতিক মেরুকরণের চিত্র তুলে ধরেছে।