ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিজ্ঞান বিস্ময় ]

২২০০ বছর আগের জাহাজে মিলল মধুমোম দিয়ে পানি ঠেকানোর কৌশল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:৩৯, ২৪ নভেম্বর ২০২৬
২২০০ বছর আগের জাহাজে মিলল মধুমোম দিয়ে পানি ঠেকানোর কৌশল
ছবি: সংগৃহীত

সমুদ্রের পানি থেকে কাঠের জাহাজ রক্ষা করতে প্রায় ২২০০ বছর আগেই পাইনগাছের আলকাতরা ও মৌমাছির মোম ব্যবহার করতেন প্রাচীন রোমান জাহাজ নির্মাতারা। ক্রোয়েশিয়ার উপকূলে ডুবে যাওয়া একটি প্রাচীন জাহাজের কাঠামোতে পাওয়া জলরোধী আবরণ বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন গবেষকেরা। শুধু তাই নয়, আবরণের মধ্যে আটকে থাকা হাজার বছরের পুরোনো পরাগরেণু বিশ্লেষণ করে জাহাজটির নির্মাণ, মেরামত এবং সম্ভাব্য যাত্রাপথ সম্পর্কেও নতুন তথ্য পেয়েছেন তারা।

‘ইলোভিক-পারজিনে ১’ (Ilovik-Paržine 1) নামের জাহাজটি প্রায় ২২০০ বছর আগে বর্তমান ক্রোয়েশিয়ার উপকূলবর্তী অ্যাড্রিয়াটিক সাগরে ডুবে যায়। ২০১৬ সালে জাহাজটির ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। এরপর থেকে এর কাঠামো ও পণ্যসামগ্রী নিয়ে বিভিন্ন পর্যায়ে গবেষণা চলছে।

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার গবেষকদের একটি দল জাহাজটির কাঠামোতে ব্যবহৃত জলরোধী আবরণের ১০টি নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করেন। গবেষণায় দেখা যায়, অধিকাংশ নমুনার প্রধান উপাদান ছিল উত্তপ্ত পাইনগাছের রজন থেকে তৈরি ঘন আলকাতরা, যা পিচ নামেও পরিচিত। তবে একটি নমুনায় পাওয়া গেছে পাইন আলকাতরা ও মৌমাছির মোমের মিশ্রণ।

প্রাচীন গ্রিক জাহাজ নির্মাণশিল্পে এ মিশ্রণ ‘জোপিসা’ (Zopissa) নামে পরিচিত ছিল। গবেষকদের মতে, এতে মৌমাছির মোম মেশানোর ফলে আবরণটি আরও নমনীয় হতো এবং উত্তপ্ত অবস্থায় কাঠের গায়ে সহজে লাগানো যেত। সমুদ্রের ঢেউয়ে কাঠের বিভিন্ন অংশ নড়াচড়া করলেও এ ধরনের আবরণ সহজে ফেটে যেত না। ফলে জাহাজের কাঠামোর ভেতরে পানি প্রবেশের ঝুঁকি কমত।

গবেষণাটির নেতৃত্ব দেন ফ্রান্সের স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. আর্মেল শারিয়ে। এতে ফ্রান্সের অ্যাক্স-মার্সেই বিশ্ববিদ্যালয় এবং ক্রোয়েশিয়ার কনজারভেশন ইনস্টিটিউটের পানির নিচের প্রত্নতত্ত্ব বিভাগের গবেষকেরা অংশ নেন। গবেষণাটি ২৪ এপ্রিল ২০২৬-এ আন্তর্জাতিক সাময়িকী ‘ফ্রন্টিয়ার্স ইন ম্যাটেরিয়ালস’-এ প্রকাশিত হয়।

পরাগরেণুতে মিলল জাহাজের যাত্রাপথের সূত্র

গবেষণার সবচেয়ে বিস্ময়কর দিক হলো, জাহাজের জলরোধী আবরণের মধ্যে হাজার বছরের পুরোনো পরাগরেণু সংরক্ষিত রয়েছে। পাইন আলকাতরার আঠালো বৈশিষ্ট্যের কারণে আশপাশের উদ্ভিদের পরাগরেণু এতে আটকে যায়। সময়ের সঙ্গে আবরণটি শক্ত হয়ে গেলেও সেগুলো সংরক্ষিত থাকে।

গবেষকেরা এসব পরাগরেণুর আকার, ধরন ও পরিমাণ বিশ্লেষণ করে আশপাশের উদ্ভিদ এবং সম্ভাব্য ভৌগোলিক পরিবেশ শনাক্ত করেন। এতে ভূমধ্যসাগরীয় উপকূলের পাইন ও হলি ওক বন, জলপাই ও হ্যাজেল গাছসমৃদ্ধ ঝোপঝাড়, নদী ও উপকূলীয় এলাকার অ্যালডার ও অ্যাশ গাছের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি পাহাড়ি অঞ্চলের ফার ও বিচ গাছের পরাগরেণুও শনাক্ত হয়েছে।

এসব তথ্য থেকে গবেষকেরা ধারণা করছেন, জাহাজটির জলরোধী আবরণ তৈরির উপকরণ বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল। এমনকি জাহাজটির জীবদ্দশায় একাধিকবার মেরামত করা হয়েছিল বলেও প্রমাণ মিলেছে।

একাধিকবার মেরামতের প্রমাণ

জাহাজটির বিভিন্ন অংশের আবরণ বিশ্লেষণ করে গবেষকেরা অন্তত চার থেকে পাঁচটি পৃথক পর্যায়ে জলরোধী প্রলেপ দেওয়ার প্রমাণ পেয়েছেন। জাহাজের পেছনের অংশ ও মাঝখানে একই ধরনের আবরণ থাকলেও সামনের অংশে তিন ধরনের আলাদা প্রলেপ শনাক্ত হয়েছে।

গবেষকদের ধারণা, জাহাজটি অ্যাড্রিয়াটিক সাগরের বিভিন্ন বন্দরে যাতায়াতের সময় একাধিকবার মেরামত করা হয়েছিল। প্রতিবারই স্থানীয়ভাবে সংগ্রহ করা উপকরণ দিয়ে নতুন করে আবরণ দেওয়া হয়ে থাকতে পারে।

এর আগে জাহাজটির ভারসাম্য রক্ষার জন্য ব্যবহৃত ভারী পাথর ও অন্যান্য উপকরণ বিশ্লেষণ করে গবেষকেরা এর সম্ভাব্য নির্মাণস্থল হিসেবে ইতালির দক্ষিণ-পূর্ব উপকূলের প্রাচীন বন্দরনগরী ব্রুন্দিসিয়ামকে শনাক্ত করেছিলেন। শহরটি বর্তমানে ব্রিন্দিসি নামে পরিচিত।

নতুন গবেষণার পরাগরেণু বিশ্লেষণেও ব্রুন্দিসিয়ামের আশপাশে জাহাজটির কিছু আবরণ প্রয়োগের সম্ভাব্য প্রমাণ পাওয়া গেছে। অন্য কিছু আবরণ উত্তর-পূর্ব অ্যাড্রিয়াটিক উপকূলে, অর্থাৎ বর্তমান ক্রোয়েশিয়ার কাছাকাছি অঞ্চলে লাগানো হয়ে থাকতে পারে।

গবেষক ড. আর্মেল শারিয়ে বলেন, দীর্ঘ দূরত্বে চলাচলকারী জাহাজের মেরামতের প্রয়োজন হওয়াটা স্বাভাবিক। কিন্তু প্রত্নতাত্ত্বিকভাবে তা প্রমাণ করা সহজ নয়। একই ধরনের রাসায়নিক উপাদান থাকা বিভিন্ন আবরণের পার্থক্য শনাক্ত করতে পরাগরেণু বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

গবেষকদের মতে, প্রাচীন জাহাজের কাঠামো নিয়ে বহু গবেষণা হলেও পানি প্রতিরোধী আবরণ তৈরির প্রযুক্তি নিয়ে তুলনামূলকভাবে কম কাজ হয়েছে। নতুন এ গবেষণা প্রাচীন মানুষের সামুদ্রিক প্রযুক্তি, প্রাকৃতিক উপাদানের ব্যবহার এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে জাহাজ নির্মাণের জ্ঞান কীভাবে ছড়িয়ে পড়েছিল, তা বুঝতে নতুন সুযোগ তৈরি করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!