ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
স্বচ্ছ মাথার বিরল মাছের ভিডিও ধারণ, বিস্মিত গবেষকেরা
সমুদ্রের গভীরে বসবাসকারী অদ্ভুত দর্শন এক মাছের বিরল দৃশ্য ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের সামুদ্রিক গবেষকেরা। মাছটির মাথার ওপরের অংশ স্বচ্ছ, যার ভেতরে দেখা যায় দুটি সবুজাভ নলাকার চোখ। শিকার শনাক্ত করার পর চোখ দুটি ঘুরিয়ে সামনের দিকে তাকাতে পারে মাছটি। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ মিটার গভীরে মাছটির ৪কে মানের ভিডিও ধারণ করা হয়েছে।
মাছটির নাম ব্যারেলআই (Barreleye), বৈজ্ঞানিক নাম Macropinna microstoma। যুক্তরাষ্ট্রের মন্টেরি বে অ্যাকুয়ারিয়াম রিসার্চ ইনস্টিটিউটের (এমবিএআরআই) গবেষকেরা গত ২৮ অক্টোবর তাদের ওয়েবসাইটে এ বিরল আবিষ্কারের তথ্য প্রকাশ করেন। পরে ১৭ নভেম্বর বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম সায়েন্সডেইলিতেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
গবেষকেরা জানান, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে সমুদ্রের গভীরে মাছটির দেখা পান তারা। গবেষণা জাহাজ ডেভিড প্যাকার্ডে অবস্থান করে দূরনিয়ন্ত্রিত ডুবোযান (আরওভি) ডক রিকেটসের সাহায্যে সামুদ্রিক প্রাণীর ওপর অনুসন্ধান চালাচ্ছিলেন গবেষকেরা। এ সময় হঠাৎ মাছটির দেখা মেলে।
এমবিএআরআইয়ের জীববৈচিত্র্য ও জৈব-আলোকবিজ্ঞান দলের গবেষকেরা আট দিনের ‘ডাইভিং ডিপ ফর ডেলিকেট ড্রিফটার্স’ অভিযানে অংশ নিয়েছিলেন। তাদের মূল গবেষণার বিষয় ছিল জেলিফিশসহ বিভিন্ন জেলাটিনাস সামুদ্রিক প্রাণী। অভিযান শেষ করে ডুবোযানটি যখন সমুদ্রপৃষ্ঠে ফিরছিল, তখন গবেষণা বিশেষজ্ঞ শ্যানন জনসনের চোখে পড়ে ব্যারেলআই মাছটি। সঙ্গে সঙ্গে তিনি ডুবোযান থামানোর নির্দেশ দেন।
মাছটির বিরল উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে জাহাজের গবেষক ও কর্মীরা নিয়ন্ত্রণকক্ষে ছুটে আসেন। প্রায় ২০ মিনিট ধরে মাছটিকে পর্যবেক্ষণ করেন তারা। এ সময় উচ্চক্ষমতার ৪কে ক্যামেরায় মাছটির শরীর, চোখের নড়াচড়া ও স্বচ্ছ মাথার আবরণ ধারণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের আলো ব্যবহার করে এর মাথার স্বচ্ছ আবরণ আরও স্পষ্টভাবে দেখার চেষ্টা করেন গবেষকেরা।
মাছটির সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো এর চোখের গঠন ও নড়াচড়া। সাধারণত চোখ দুটি মাথার ভেতরে ওপরের দিকে তাকানো থাকে। সমুদ্রের অন্ধকার পরিবেশে ওপর দিয়ে যাওয়া শিকারের ছায়া শনাক্ত করতে এ চোখ সাহায্য করে। সম্ভাব্য খাবার দেখতে পেলে চোখ দুটি স্বচ্ছ আবরণের নিচে ঘুরে সামনের দিকে তাকাতে পারে। ফলে শিকারকে অনুসরণ করে সহজেই খাবার ধরতে পারে মাছটি।
গবেষকদের মতে, মাথার ওপরের স্বচ্ছ ও জেলাটিনাস আবরণ শুধু চোখের নড়াচড়া পর্যবেক্ষণের সুযোগই দেয় না, এটি চোখকে সুরক্ষাও দেয়। গভীর সমুদ্রের সিফোনোফোর নামের দংশনকারী সামুদ্রিক প্রাণীর স্পর্শকে আটকে থাকা ছোট ছোট ক্রাস্টেশিয়ান খাওয়ার সময় এ আবরণ মাছটির চোখকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
এমবিএআরআইয়ের জ্যেষ্ঠ বিজ্ঞানী স্টিভেন হ্যাডক বলেন, ব্যারেলআই মাছের দেখা পাওয়া সত্যিই বিরল ঘটনা। গভীর সমুদ্রের প্রাণীরা কীভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য নিজেদের শরীরে বিস্ময়কর বৈশিষ্ট্য তৈরি করেছে, এ মাছ তার অন্যতম উদাহরণ।
গবেষণা প্রতিষ্ঠানটির প্রায় ৪০ বছরের সমুদ্র অনুসন্ধানের ইতিহাসে এটি ব্যারেলআই মাছের মাত্র ১১তম পর্যবেক্ষণ। এ সময়ে প্রায় সাত হাজারবার দূরনিয়ন্ত্রিত ডুবোযান সমুদ্রে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি এবং ৪১ হাজার ঘণ্টার বেশি গভীর সমুদ্রের ভিডিও ধারণ করেছে। এর আগে ২০২১ সালে মাছটির দেখা পেয়েছিলেন গবেষকেরা। এবারের ঘটনাটি প্রতিষ্ঠানটির ইতিহাসে প্রথম ৪কে ভিডিও ধারণ এবং নতুন গবেষণা জাহাজ ডেভিড প্যাকার্ড থেকে প্রথমবার এ মাছের দেখা পাওয়ার ঘটনা।
গবেষকেরা মাছটিকে সমুদ্র থেকে সংগ্রহ করেননি। তাদের ধারণ করা ভিডিও ভবিষ্যতে মাছটির দৃষ্টিশক্তি, খাদ্যাভ্যাস ও গভীর সমুদ্রের পরিবেশে অভিযোজন নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।