ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময় নাহিদ ইসলাম বলেন, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ও সমসাময়িক সংকট নিয়ে কথা হয়েছে। আমরা সমসাময়িক বিভিন্ন ঘটনা তুলে ধরেছি। একইসঙ্গে আওয়ামী লীগের নৈরাজ্য অগ্নিসংযোগ ও প্রশাসনের দুর্বলতা নিয়েও কথা হয়েছে। তিনি বলেন, আমাদের একটা জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন। আগে যা ছিল তা আওয়ামী লীগের পররাষ্ট্র নীতি। বিএনপির পররাষ্ট্রনীতি। এখন একটা জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন।
তিনি আরও বলেন, আপনারা জানেন যে, গত কয়েকদিন ধরেই দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জনগণের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। যার ভিকটিম সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদ বিরোধী নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব।
পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাস, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, এই বিষয়ে কীভাবে দেশের পরিস্থিতিতে উত্তরণ ঘটানো সম্ভব? একটি রাজনৈতিক ঐক্য সম্ভব কিনা এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তার জায়গা থেকে বর্তমান কনসার্নগুলো ব্যক্ত করেছেন।
এছাড়া ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলাকে এক থাকার জন্য প্রধানমন্ত্রী আহ্বান করেছেন বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম।
এর আগে দুপুর ১টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলটি সচিবালয়ে আসেন। প্রতিনিধিদলে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন।