ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
মহাবিস্ফোরণের মাত্র ৬৩০ মিলিয়ন বছর পরের কৃষ্ণগহ্বরের সন্ধান
মহাবিশ্ব সৃষ্টির মহাবিস্ফোরণের (বিগ ব্যাং) মাত্র ৬৩০ মিলিয়ন বা ৬৩ কোটি বছর পরের একটি অতি দূরবর্তী কোয়াসার শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর কেন্দ্রে রয়েছে এমন একটি অতিভারী কৃষ্ণগহ্বর, যার ভর সূর্যের প্রায় ৩৬ কোটি গুণ। এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে দূরবর্তী কোয়াসার এটি। আবিষ্কারটি মহাবিশ্বের শুরুর দিকে এত বিশাল কৃষ্ণগহ্বর কীভাবে তৈরি হয়েছিল, তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) তাদের ইউক্লিড মহাকাশ টেলিস্কোপের পর্যবেক্ষণের ভিত্তিতে এ আবিষ্কারের তথ্য প্রকাশ করে। একই দিন গবেষণাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
গবেষকেরা কোয়াসারটির নাম দিয়েছেন ‘ডুন অংহাসা’ (Dún Aonghasa)। এর আনুষ্ঠানিক পরিচিতি J1504+6252। এটি মহাবিশ্বের বয়স যখন বর্তমান বয়সের মাত্র ৫ শতাংশ ছিল, তখনকার একটি দৃশ্য তুলে ধরছে। পৃথিবীতে এর আলো পৌঁছাতে সময় লেগেছে প্রায় ১৩ দশমিক ১ বিলিয়ন বছর।
জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির গবেষক জুলিয়েন উলফের নেতৃত্বে একটি দল এ আবিষ্কার করেছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার ইউক্লিড টেলিস্কোপের বিপুলসংখ্যক পর্যবেক্ষণ বিশ্লেষণ করতে গিয়ে প্রথম বস্তুটির সন্ধান পাওয়া যায়। পরবর্তী সময়ে কেক অবজারভেটরি, লার্জ বাইনোকুলার টেলিস্কোপ, হাবল ও জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপের পর্যবেক্ষণে এর পরিচয় নিশ্চিত করা হয়।
গবেষণায় কোয়াসারটির রেডশিফট বা আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তনের মাত্রা পাওয়া গেছে ৮ দশমিক ১৩। এটি রেডশিফট ৮ অতিক্রম করা প্রথম শনাক্ত কোয়াসার। জেমস ওয়েব টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে এর কেন্দ্রে থাকা কৃষ্ণগহ্বরের ভর প্রায় ৩৬ কোটি সূর্যের সমান বলে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা।
কোয়াসার হলো দূরবর্তী ছায়াপথের অত্যন্ত উজ্জ্বল কেন্দ্রীয় অঞ্চল। এর কেন্দ্রে থাকা অতিভারী কৃষ্ণগহ্বরের চারপাশে গ্যাস ও ধূলিকণা প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে। কৃষ্ণগহ্বরে পতিত হওয়ার আগে এসব পদার্থ উত্তপ্ত হয়ে বিপুল শক্তি ও আলো বিকিরণ করে। ফলে একটি কোয়াসার অনেক সময় তার আশপাশের পুরো ছায়াপথের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে ওঠে।
নতুন আবিষ্কৃত কোয়াসারটির বিশেষত্ব হলো, এর কৃষ্ণগহ্বরের বিপুল ভরের তুলনায় আশপাশের পদার্থ গ্রহণের হার বেশ ধীর। অর্থাৎ মহাবিশ্বের একেবারে শুরুর দিকে খুব অল্প সময়ের মধ্যে কৃষ্ণগহ্বরটি কীভাবে এত বিশাল আকার ধারণ করল, তা বিজ্ঞানীদের কাছে বড় ধাঁধা হয়ে দাঁড়িয়েছে।
গবেষকদের ধারণা, বিপুল পরিমাণ গ্যাসের মেঘ সরাসরি ধসে গিয়ে প্রাথমিক কৃষ্ণগহ্বর তৈরি হয়ে থাকতে পারে। পরে দ্রুত পদার্থ জমা করে সেটি বড় হয়েছে। তবে নতুন আবিষ্কারটি কৃষ্ণগহ্বরের উৎপত্তি ও বিকাশ নিয়ে প্রচলিত বিভিন্ন তত্ত্বের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
এর আগে আবিষ্কৃত সবচেয়ে দূরবর্তী কোয়াসারের তুলনায় নতুন এই আবিষ্কার মহাবিশ্বের ইতিহাসে আরও প্রায় ৪০ মিলিয়ন বা ৪ কোটি বছর পেছনে নিয়ে গেছে বিজ্ঞানীদের। কয়েক মাস আগের আবিষ্কারের পর এত অল্প সময়ে নতুন রেকর্ড গড়াকে মহাজাগতিক গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
২০২৩ সালে উৎক্ষেপণ করা ইউক্লিড টেলিস্কোপের মূল লক্ষ্য অন্ধকার পদার্থ ও অন্ধকার শক্তি সম্পর্কে ধারণা পাওয়া। তবে এর বিস্তৃত আকাশ জরিপ এবং সংবেদনশীল পর্যবেক্ষণব্যবস্থা প্রাচীন মহাবিশ্বের বিরল কোয়াসার শনাক্ত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গবেষণাটি আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানবিষয়ক সাময়িকী Astronomy & Astrophysics-এ প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের আশা, ইউক্লিডের পরবর্তী পর্যবেক্ষণে আরও প্রাচীন কোয়াসার এবং মহাবিশ্বের শুরুর দিকের কৃষ্ণগহ্বরের অস্তিত্ব সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাবে।