ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

গণহত্যার রায়ের পরই কয়েক হাজার রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:৫২, ২৪ নভেম্বর ২০২৬
গণহত্যার রায়ের পরই কয়েক হাজার রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া
ছবি সংগৃহীত

মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার দায় নির্ধারণ করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের মাত্র পাঁচ দিনের মাথায় দেশটিতে ৬ হাজার ৮০০ জনের বেশি শরণার্থী ও অভিবাসী ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। আগামী ডিসেম্বর মাসে দুই ধাপে এসব রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠানো হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এ ঘোষণা দিয়েছেন।

আনোয়ার ইব্রাহিম জানান, আগামী ৬ ও ৭ ডিসেম্বর মিয়ানমারের নৌবাহিনীর তিনটি জাহাজে করে ১ হাজার ৫০০ জনকে ফেরত পাঠানো হবে। এছাড়া ডিসেম্বরজুড়ে বিমানযোগে আরও ৫ হাজার ৩০৩ জনকে ফিরিয়ে নেওয়া হবে। বিমানযোগে প্রত্যাবাসনের ব্যয় বহন করবে মিয়ানমার সরকার। সব মিলিয়ে প্রত্যাবাসনের পরিকল্পনায় রয়েছেন ৬ হাজার ৮০৩ জন। 

তবে মালয়েশিয়ার ঘোষণায় ফেরত পাঠানোর অপেক্ষায় থাকা সবাই রোহিঙ্গা কি না, তা স্পষ্ট করা হয়নি। তাদের মিয়ানমারের নাগরিক বা অভিবাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। 

প্রত্যাবাসনের এই ঘোষণা এমন এক সময়ে এল, যখন ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করেছেন। আদালতের রায়ে বলা হয়েছে, মিয়ানমারকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে হবে। রায়টি চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক। 

মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে মিয়ানমারের বিপুলসংখ্যক শরণার্থী অবস্থান করছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট পর্যন্ত দেশটিতে নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৭৪০। তাদের প্রায় ৯০ শতাংশই মিয়ানমারের নাগরিক। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ রোহিঙ্গা। 

আনোয়ার ইব্রাহিম বলেছেন, শরণার্থীদের দীর্ঘদিন আশ্রয় দেওয়া মালয়েশিয়ার জন্য আর্থিক ও নিরাপত্তাগত চাপ তৈরি করছে। তৃতীয় কোনো দেশে তাদের পুনর্বাসনের উদ্যোগও প্রত্যাশিত ফল দেয়নি। তাই মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রত্যাবাসনের পথ তৈরি করা হচ্ছে। তিনি দাবি করেন, মিয়ানমারের সাবেক সামরিক শাসক ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে তার আলোচনা শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করার প্রচেষ্টার অংশ। প্রত্যাবাসিত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও পেয়েছে মালয়েশিয়া বলে জানান তিনি।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে প্রায় ১ হাজার ৪৭৬ জন মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু প্রত্যাবাসনের পর তাদের অনেককে মিয়ানমারে সামরিক বাহিনীর হেফাজতে আটকে রাখার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ইউএনএইচসিআর ও মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে। তাদের বক্তব্য, স্বেচ্ছাসম্মতি, ব্যক্তিগত নিরাপত্তা যাচাই এবং আন্তর্জাতিক সুরক্ষা নিশ্চিত না করে কাউকে ফেরত পাঠানো উচিত নয়। 

বিশেষজ্ঞদের আশঙ্কা, মিয়ানমারে চলমান সংঘাত, রোহিঙ্গাদের নাগরিকত্ব সংকট, চলাচলের স্বাধীনতার অভাব এবং রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে প্রত্যাবাসন নতুন মানবিক বিপর্যয় তৈরি করতে পারে।

উল্লেখ্য, আইসিজের সাম্প্রতিক রায়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের পাশাপাশি পরিবার পুনর্মিলন, সম্পত্তি পুনরুদ্ধার, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে গণহত্যা প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!