ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
গরু পাচারকারীদের ধাওয়া, নিখোঁজ বিএসএফ জওয়ান
ভারত-বাংলাদেশ সীমান্তে সন্দেহভাজন গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বরাক নদীতে নিখোঁজ হয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। সোমবার (২৩ নভেম্বর) ভোরে ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কাছাড় জেলার কাটিগড়া এলাকার হরিনগর সীমান্ত চৌকির (বিওপি) কাছে কয়েকজন সন্দেহভাজন গরু পাচারকারীর চলাচলের খবর পান বিএসএফ সদস্যরা। সেখানে চার থেকে পাঁচজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।
তাদের আটকাতে বিএসএফের দুই সদস্যকে দায়িত্ব দেওয়া হয়। তারা হলেন হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনু।
বিএসএফ সদস্যরা এগিয়ে গেলে সন্দেহভাজন ব্যক্তিরা বরাক নদীতে ঝাঁপ দেন। তাদের ধাওয়া করতে দুই জওয়ানও নদীতে নামেন। একপর্যায়ে জিতেন্দ্র যাদব সাঁতরে নদীর তীরে ফিরতে সক্ষম হলেও স্রোতের টানে ভেসে যান কে ভেনু। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ কে ভেনুর বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে। ঘটনার পরপরই তার সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়।
খবর পেয়ে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি শুরু করে। বিএসএফ সদস্যদের পাশাপাশি কাটিগড়া থানার পুলিশও উদ্ধার অভিযানে অংশ নেয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বিএসএফ সদস্যের কোনো সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।