ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫, ২৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাসে দুটি গণপরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত নয়জন।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার সকালে ব্যস্ত সময়ে শহরের উত্তর অংশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৮টার দিকে সেন্ট্রাল ওহাইও ট্রানজিট অথরিটির (কোটা) দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তৃতীয় একটি যানবাহনও বাস দুটির একটিকে পেছন বা পাশ থেকে ধাক্কা দেয়।

কলম্বাস পুলিশের সার্জেন্ট জোসেফ অ্যালবার্ট বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কোনো এক কারণে একটি বাস সড়কের মাঝখানের দুটি হলুদ দাগ অতিক্রম করে বিপরীত দিকের লেনে চলে যায়। এরপর অন্য বাসটির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি জানান, একটি বাসের চালক ঘটনাস্থলেই মারা যান। অন্য বাসের চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে পরে সেখানে তার মৃত্যু হয়। এ বিষয়ে মন্তব্য জানতে কোটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

অ্যালবার্ট আরও জানান, আহত নয়জনের মধ্যে দুই বাসের যাত্রী এবং তৃতীয় যানবাহনের যাত্রীরা রয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আহত সবার শারীরিক অবস্থা স্থিতিশীল। কারও আঘাতই প্রাণঘাতী নয়। এ ঘটনায় কোনো পথচারী আহত হননি।

কলম্বাস সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট শ্যানন হার্ডিন এবং কাউন্সিলের সদস্য লুর্দেস বারোসো দে পাদিয়া দুর্ঘটনাটিকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। লুর্দেস জনসেবা ও পরিবহনবিষয়ক কমিটির প্রধান।

এক বিবৃতিতে তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানান। বিশেষ করে নিহত দুই চালকের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনার কারণ খুঁজে বের করার পাশাপাশি নিহত ব্যক্তিদেরও স্মরণে রাখতে হবে। ছুটির মৌসুম শুরুর এই সময়ে তাদের পরিবারকে প্রিয়জন হারানোর শোক নিয়ে দিন কাটাতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!