ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]
শর্ত মানলে ৪৮ ঘণ্টায় খুলতে পারে হরমুজ প্রণালি

ইরানের সাত শর্ত জনগণের ন্যায্য অধিকার, চাপের মুখে ছাড় নয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৫, ২৩ নভেম্বর ২০২৬
ইরানের সাত শর্ত জনগণের ন্যায্য অধিকার, চাপের মুখে ছাড় নয়
ছবি: সংগৃহীত

যুদ্ধের অবসান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ইরানের দেওয়া সাতটি শর্তকে দেশটির জনগণের বৈধ অধিকার হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেছেন, হুমকি ও চাপ প্রয়োগ করে ইরানকে এসব শর্ত থেকে সরে আসতে বাধ্য করা যাবে না।

সোমবার (২৩ নভেম্বর) তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বাঘাই বলেন, ইরান তার চাওয়া ও জনগণের অধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে। সাতটি শর্ত কোনো অস্বাভাবিক দাবি নয়, এমনকি আলোচনার পূর্বশর্ত হিসেবেও এগুলো বিবেচনা করা উচিত নয়। বরং এসব শর্ত ইরানের জনগণের অবিচ্ছেদ্য অধিকার।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির হরমুজ প্রণালি দুই ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে বাঘাই বলেন, মন্ত্রীর বক্তব্যের সূক্ষ্ম দিকগুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন। যুক্তরাষ্ট্র তাদের শর্ত বাস্তবায়ন করলে সাময়িকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট জটিলতাগুলো উপেক্ষা করার সুযোগ নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি তেলবাহী জাহাজ ডুবিয়ে দেওয়া এবং নতুন হামলার হুমকি প্রসঙ্গে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি ইরানের জন্য নতুন কিছু নয়। গত ৫০ বছর ধরে দেশটি এ ধরনের হুমকির মুখে রয়েছে। ওয়াশিংটন প্রায় প্রতিদিনই এমন হুমকি দিয়ে আসছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিষয়ে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ ইরান কোনোভাবেই মেনে নেবে না। মার্কিন আগ্রাসন মোকাবিলায় তেহরান সব ধরনের উপায় ব্যবহার করবে।

তিনি অর্থনৈতিক ও নৌ অবরোধকে ইরানের বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে সাম্প্রতিক মাসগুলোতে আরোপিত নিষেধাজ্ঞা জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের লঙ্ঘন বলেও দাবি করেন। বাঘাইয়ের ভাষ্য, যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধ সামরিক আগ্রাসনের শামিল। এ পরিস্থিতিতে আত্মরক্ষায় প্রয়োজনীয় সব উপায় ব্যবহারের অধিকার ইরানের রয়েছে।

নৌ অবরোধ মোকাবিলায় সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপের সমন্বিত পরিকল্পনা বিবেচনা করছে তেহরান। বিষয়টি নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় দুই দিনের একটি রোডম্যাপ প্রস্তাব করেছে ইরান। এ পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ প্রত্যাহার, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করলে ৪৮ ঘণ্টার মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব হবে।

বাঘাই এ প্রস্তাবকে প্রণালিতে নিরাপত্তা ফিরিয়ে আনার একটি যৌক্তিক রোডম্যাপ হিসেবে উল্লেখ করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!