ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যেকোনো হুমকি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৯, ২৩ নভেম্বর ২০২৬
যেকোনো হুমকি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী
ছবি: সংগৃহীত

যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতির পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি।

সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্য অর্জনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এখন যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে।

মোস্তফা ইজাদি বলেন, ইরানের সামরিক সক্ষমতা অন্য দেশগুলোর জন্যও একটি মডেল হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সশস্ত্র বাহিনী, আইআরজিসি, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাসিজ বাহিনীকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল। তবে তাদের কোনো পরিকল্পনাই সফল হয়নি।

তিনি আরও বলেন, ইরানের ইসলামি ও আঞ্চলিক প্রতিরোধ শক্তিকে দুর্বল করতে পারেনি প্রতিপক্ষ। একই সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিও বাধাগ্রস্ত করতে পারেনি। প্রতিপক্ষের সামগ্রিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

ইজাদির দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মর্যাদা ও প্রভাব ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের আটটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। যেসব স্থাপনা নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল, সেগুলোই এখন নিরাপত্তাহীনতার উৎসে পরিণত হয়েছে।

ইরানের ওপর নতুন করে নৌ অবরোধ আরোপ এবং দেশটিকে নতজানু করার মার্কিন হুমকির জবাবে তিনি বলেন, বরং ওয়াশিংটনই এখন চাপের মুখে রয়েছে এবং যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, বিভিন্ন স্তরে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা ও পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে। সামগ্রিকভাবে ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির পর্যায়ে রয়েছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!