ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৪, ২৩ নভেম্বর ২০২৬
ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভৈরব পৌর শাখার সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া। গ্রেফতারের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ভৈরবে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় আতিক আহমেদ সৌরভকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ ছাড়া সম্প্রতি ভৈরব থানার মূল ফটকের সামনে মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে দুই নম্বর আসামি করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. বাহার মিয়া মুঠোফোনে বলেন, ঢাকায় অবস্থান করলেও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আতিক আহমেদ সৌরভের অবস্থান শনাক্ত করা হয়। পরে জেলা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!