ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নড়াইলে বিএনপির ছয় নেতা স্বপদে পুনর্বহাল, বহিষ্কারাদেশ প্রত্যাহার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৭, ২৩ নভেম্বর ২০২৬
নড়াইলে বিএনপির ছয় নেতা স্বপদে পুনর্বহাল, বহিষ্কারাদেশ প্রত্যাহার
ছবি: সংগৃহীত

নড়াইলের সদর উপজেলা, নড়াইল পৌরসভা, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির ছয় নেতাকে স্ব স্ব পদে পুনর্বহাল করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (২২ নভেম্বর) রাতে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ছয়টি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

পুনর্বহাল হওয়া নেতারা হলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাহিদুর রহমান পলাশ, সদর পৌর বিএনপির সভাপতি মো. তেলায়েত হোসেন বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম এবং লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ ও সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু।

পৃথক চিঠিতে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে গত ৬ আগস্ট তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং দলকে সুসংগঠিত করার লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে তাদের আগের পদে পুনর্বহাল করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে বিএনপিকে শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করতে পুনর্বহাল হওয়া নেতারা কার্যকর ভূমিকা রাখবেন বলে দল প্রত্যাশা করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. মনিরুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে পুনর্বহাল হওয়া নেতারা দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা বিশ্বাস করেন।

ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!