ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাড়ির উঠানে ১০ ফুটের গাঁজা গাছ, আটক ১

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৫, ২৩ নভেম্বর ২০২৬
বাড়ির উঠানে ১০ ফুটের গাঁজা গাছ, আটক ১
গাঁজা গাছসহ আটক হেলাল মিয়া। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির উঠানে চাষ করা প্রায় ১০ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স। এ ঘটনায় হেলাল মিয়া (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার কালীপুর পূর্বকান্দা বাদশা বিল এলাকায় এ অভিযান চালানো হয়। আটক হেলাল মিয়া ওই এলাকার মৃত লায়েছ মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। এ সময় হেলাল মিয়ার বাড়ির উঠানে প্রায় ছয় মাস ধরে চাষ করা ডালপালাযুক্ত ১০ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ পাওয়া যায়। পরে গাছটি উদ্ধার করে হেলাল মিয়াকে আটক করা হয়।

ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচ এম আজিমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের চাষ, সংরক্ষণ ও বেচাকেনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত মামলা করা হবে।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে আটক হেলাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!