ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

শেখ হাসিনার বিমান চাওয়াকে ‘হাস্যকর’ বললেন চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৬, ২৪ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার বিমান চাওয়াকে ‘হাস্যকর’ বললেন চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ফাইল ছবি

১৬ ডিসেম্বর উড়োজাহাজে করে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়াকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামির উড়োজাহাজ চাওয়া নজিরবিহীন ও হাস্যকর ঘটনা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ডে দলটির সন্ত্রাসী ও খুনি পরিচয় স্পষ্ট হচ্ছে।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্কের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, তার মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। এ মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ।

এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। দেশে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ চেয়েছেন তিনি।

রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশে ফেরার জন্য এবারই প্রথম নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন শেখ হাসিনা। তার এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!