ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে জয়পুরহাট দলের জার্সি বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৯, ২৪ নভেম্বর ২০২৬
অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে জয়পুরহাট দলের জার্সি বিতরণ
ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ। ছবি:ডেইলি বাংলাদেশ

পাবনায় অনুষ্ঠিতব্য ‘ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬-২০২৭’-এ অংশ নিতে যাচ্ছে জয়পুরহাট জেলা ক্রিকেট দল। প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জয়পুরহাট স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন এবং জেলা ক্রিকেট কোচ মনোয়ার হোসেন নিপু।

জার্সি বিতরণ অনুষ্ঠানে অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করে বক্তব্য দেন। গোলজার হোসেন বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ জীবন গঠনে সহায়তা করে। জয়পুরহাটের তরুণ ক্রিকেটাররা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে জেলার সুনাম বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার মন্ডল বলেন, খেলায় জয়-পরাজয়ের চেয়ে শৃঙ্খলা ও দলগত ঐক্য বেশি গুরুত্বপূর্ণ। নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাস নিয়ে খেললে জয়পুরহাট দল ভালো ফলাফল করবে।

জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির বলেন, জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গণমাধ্যম সব সময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও খেলোয়াড়দের পাশে থাকবে গণমাধ্যম।

অনুষ্ঠান শেষে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাফল্য কামনায় দোয়া ও শুভকামনা জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/জয়পুরহাট/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!