ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরার বিষয়টি ভিত্তিহীন: প্রতিমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আন্দোলন ও সহিংসতার প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, যেসব বিষয়কে কম গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমের বাইরে থাকা বিভিন্ন মাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
দেশে একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, পৃথিবীর ইতিহাসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কোনো রাষ্ট্রপ্রধানের ফিরে আসার নজির নেই। শেখ হাসিনা দেশে ফিরবেন না—এ বিষয়টি সবাইকে বুঝতে হবে।
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিশেষ কৌশল রয়েছে বলেও জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সহনশীলতাকে আপনারা দুর্বলতা মনে করবেন না।’
শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা এবং এ জন্য বিমান চাওয়ার বিষয়টিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, এ ধরনের প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয়; এসব করে কোনো লাভও হবে না।
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছারসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।